নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল বছর জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। তাইতো আবার দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশে। সদ্য শেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলেও টেস্ট সিরিজ চ্যালেঞ্জিং হবে বলেছেন দলের উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস।
করোনা ভাইরাস প্রকোপের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে টাইগাররা।
তবে ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন লিটন দাস। তবে টেস্ট সিরিজে দলে লিটনের ভূমিকাটা ভিন্ন, গ্লাভস উঠবে তাঁর হাতেই। সেই সাথে ছয় কিংবা সাতে ব্যাট করবেন তিনি।
তাই ওয়ানডে ব্যর্থতার কথা ভুলে টেস্ট নিয়ে ভাবছেন লিটন। এ বিষয়ে তিনি বলেন,“অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছি, এটা ভেবেই ভীষণ খুশি। দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলার অনুভূতিই অন্যরকম। ওয়ানডেতে আমি ভালো করতে পারিনি। এটা সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট। ওইটা নিয়ে ভেবে বসে থাকতে চাচ্ছি না। টেস্টে আমার ভূমিকা অন্যরকম। চেষ্টা করবো আমাকে যে দায়িত্বটা দেওয়া হবে, সেটা যেন পূরণ করতে পারি।”
জেসন হোল্ডার বাদে পেস অ্যাটাকে রয়েছেন বাকিরা। তাই লিটন মনে করছেন ওয়ানডের তুলনায় টেস্টে বেশি চ্যালেঞ্জিং হবে। তিনি মনে করেন,“অনেকদিন পর আমরা টেস্ট ক্রিকেট খেলতে নামছি, আমার কাছে মনে হচ্ছে চ্যালেঞ্জিং হবে। ওদের ভালো পেস অ্যাটাক আছে পাশাপাশি স্পিন অ্যাটাকও বেশ ভালো। ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করবে অনেক কিছু। আমার কাছে মনে হয় টেস্টে ভালো করতে হবে ক্রিজে টিকে থাকতে হবে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সামাল দিতে হবে। ব্যাটিং বলেন কিংবা বোলিং- বড় জুটি হলে ম্যাচের ভাগ্য আমাদের দিকেই আসবে।”
