ওয়ানডের পারফরম্যান্স ভুলে টেস্টে মনোযোগ লিটনের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরেছে বাংলাদেশ দল। প্রত্যাশা থাকলেও এই সিরিজে ব্যাট হাতে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন ওপেনার লিটন দাস।

সিরিজের প্রথম ম্যাচে ১৪ এবং দ্বিতীয় ম্যাচে ২২ রান করে আউট হওয়ার পর সিরিজের শেষ ম্যাচে কোনো রান ছাড়াই ফিরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

তাইতো খুব দ্রতু ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে সাদা পোষাকে পারফরম্যান্স রাঙানোর লক্ষ্যের কথা জানিয়েছেন লিটন। ওয়ানডেতে ওপেনার হিসেবে খেললেও টেস্টে তিনি মিডল অর্ডার ব্যাটসম্যান।

সেই সঙ্গে তাঁকে উইকেটরক্ষকের ভূমিকাও পালন করতে হয়। লিটন জানিয়েছেন, এই ফরম্যাটে তাঁর দায়িত্ব যেহেতু ভিন্ন তাই ওয়ানডের পারফরম্যান্স ভুলে নতুন করে শুরু করতে চান তিনি।

লিটন বলেন,”অনেক দিন পর টেস্ট ক্রিকেট খেলছি এটাতে অনেক খুশি যে অনেক দিন পর শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। টেস্ট ক্রিকেট তো সম্পূর্ণ অন্য রকম একটা জিনিস। অনুভূতিই অন্য রকম দেশের হয়ে টেস্ট খেলার।”

তিনি আরও বলেন,”ওয়ানডে আমি ভালো করতে পারিনি, এটা সম্পূর্ণ আলাদা ফরম্যাট। আমি চাচ্ছি না সেই বিষয়টি নিয়ে চিন্তা করতে বা মাথায় নিতে। এখানে আমার নতুন ভূমিকা, চেষ্টা করব এখানে যে দায়িত্ব সেটা ভালো করে পালন করার জন্য।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »