ওয়েস্ট ইন্ডিজ ভয়ংকর দল, যে কোন সময় ফর্মে ফিরতে পারে- তামিম

নিউজ ডেস্ক »

চলতি ক্যারিবীয় সিরিজ দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের ওয়ানডে সুপার লিগ পর্ব। দীর্ঘ দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচে জিতে ২০ পয়েন্ট নিয়ে ওয়ানডে লিগে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে টাইগাররা। শেষ ম্যাচেও গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট অর্জন করে নিতে চায় লাল-সবুজের দল। তবে তার আগে অধিনায়কের স্বীকারোক্তি- যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে ক্যারিবীয়রা। 

 

সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ দল সরাসরি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। শীর্ষ ৮ দলের মধ্যে থাকতে না পারলে খেলতে হবে বাছাইপর্ব। অধিনায়ক তামিম তাই শেষ ম্যাচেও জয় তুলে নিয়ে পূর্ণ ৩০ পয়েন্ট অর্জন করতে চান। তাই ক্যারিবীয়দের হোয়াইটওয়াশেই নজর তার, উন্নতির অনেক জায়গা আছে বলে মনে করেন তিনি। সব ক্ষেত্রে ভালো করা খুব কম সময়ই ঘটে।

 

ভালো বোলিং ও ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটসম্যানদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ কামনা তার। তিনি বলেন,”তিন বিভাগেই আমাদের উন্নতির সুযোগ আছে। আমরা আরও ভালো বল করতে পারি, আরও ভালো ফিল্ডিং করতে পারি। ব্যাট হাতে অনেকে ভালো শুরু করেও শেষ করে আসতে পারছে না। এসব জায়গা নিয়ে কাজ করতে হবে। এখন ওয়ানডেতেও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হচ্ছে। কোয়ালিফাই করতে হলে উন্নতির তাই কোনো বিকল্প নেই। আপনাকে ঘরের বাইরেও খেলতে হবে। ভিন্ন কন্ডিশনে ভালো করা সবসময়ই কঠিন।’’

 

সিরিজ জয় নিশ্চিত হলেও তামিম থাকছেন সতর্ক অবস্থানে। শেষ ম্যাচে একাদশে পরিবর্তন এলেও দল ছন্দ হারাবে না, নিশ্চিত করলেন তা-ও।

 

তামিম বলেন,”প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এত ভালো করতে পারেনি। তবে তারা ভয়ংকর দল, যেকোনো সময় ফর্মে ফিরতে পারে। একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। যে-ই একাদশে আসুক, তারা সবাই ম্যাচ উইনার। অতীতে যখনই খেলেছে ভালো খেলেছে। ড্রেসিংরুমের সবাই সাফল্যের জন্য অনেক ক্ষুধার্ত। মাঠে সবাই ভালো করতে চায়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »