নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাঘা বাঘা সব তারকা ব্যাটসম্যানদেরও দুর্বল জায়গা (জুজু) থাকে। ক্রিস গেইল একসময় বাংলাদেশের সোহাগ গাজীকেই বারবার উইকেট বিলিয়ে আসতেন। বর্তমানে হেটমায়ারকে দেখা গেছে মিরাজকে উইকেট দিতে। এমন দুর্বল জায়গা (জুজু) ছিল ফ্যাফ ডু প্লেসিসেরও। কারণ যাকে ডু প্লেসিস এত ভয় পেতেন তার নামের আগে এখন ‘সাবেক’ তকমা লেগে গিয়েছে।
প্রোটিয়ারা এখন অবস্থান করছেন পাকিস্তানে। সেখানেই সংবাদ সম্মেলনে ডু প্লেসিস জানালেন, সাবেক স্পিনার সাঈদ আজমলকে কতটা ভয় পেতেন তিনি। মাঝেমাঝে ঘুমের মাঝেও আজমল তাকে বল করছেন দেখতেন বলে জানান ডু প্লেসিস,”আমার মনে আছে, যখনই ব্যাট করতে যেতাম দেখতাম সাঈদ আজমল বল করার জন্য প্রস্তুত হচ্ছে। মাঝেমাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যেত এবং দেখতাম সে আমাকে বল করছে।’’
সংযুক্ত আরব আমিরাতে তরুণ ডু প্লেসিসকে ভালোই ভুগিয়েছিলেন আজমল। সেই দিনগুলোর কথা এখনো স্পষ্ট মনে আছে ডু প্লেসিসের। তিনি বলেন,’‘তরুণ আমার জন্য সংযুক্ত আরব আমিরাতে আজমল বড় চ্যালেঞ্জ ছিল। উপমহাদেশের কন্ডিশনে আমি তখন একদমই নতুন।’’
আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হবে স্বাগতিক পাকিস্তান ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। প্রথমে মাঠে গড়াবে দুটি টেস্ট। ২৬ জানুয়ারি প্রথম টেস্ট করাচিতে এবং ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে, আগামী ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি।
