নিউজ ডেস্ক »
চলতি ওয়ানডে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ দল। এবার সুযোগ রয়েছে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার। অধিনায়ক তামিমের কন্ঠেও শোনা গেছে সেই লক্ষ্যেই মাঠে নামবে তার দল। কারণ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ হওয়ায় বাকি ১০ পয়েন্ট লুফে নিতে চাই টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের সাথে পাঁচবার সিরিজ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে ২০০৯ এবং ২০১৪ সালে তাদের হোয়াইটওয়াশও করেছে টাইগাররা। এবার ক্যারিবীয়ানদের তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশের সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশের সামনে। আর এই সুযোগটি লুফে নিতে চান ওয়ানডে দলপতি।
ওয়েস্ট ইন্ডিজ দল যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। তাই চট্টগ্রামে শেষ ওয়ানডের আগে সফরকারীদের হালকাভবে নিচ্ছে না স্বাগতিকরা।
তামিম বলেন,”হ্যা আমরা সিরিজ জিতেছি। কিন্তু আরও ১০ পয়েন্ট পাওয়ার আছে। আমরা জানি ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রথম দুই ম্যাচের অভিজ্ঞতা ভালো ছিল না, কিন্তু তারা একটি বিপদজনক দল, যে কোনো সময়েই তারা ফিরে আসতে পারে।”
সিরিজ নিশ্চিত হওয়ায় একাদশে পরিবর্তন আনবে বাংলাদেশ। তবে সেটা বড়সড় নয়। ওয়ানডে চ্যাম্পিয়নশিপের ম্যাচ হওয়ায় বেঞ্চে থাকা অভিজ্ঞরাই সুযোগ পাবেন শেষ ম্যাচে। এছাড়া ড্রেসিং রুমে যারাই আছেন সবাই জয়ের জন্য ক্ষুধার্থ বলে জানিয়েছেন ওয়ানডে দলপতি।
এ বিষয়ে তামিম বলেন,”আমাদের কিছু সামান্য পরিবর্তন আসতে পারে। কিন্তু আমি নিশ্চিত করতে পারি যারাই একাদশে আসবে তারা ম্যাচ উইনার, তারা অতীতে যখনই খেলেছে ভালো খেলেছে। আমার মনে হয় ড্রেসিং রুমে প্রচণ্ড জয়ের ক্ষুধা রয়েছে, সবাই মাঠে গিয়ে ভালো করতে চায়। এবং আমি আশা করছি এটি চলবে। আগামীকালের ম্যাচটি গুরুত্বপূর্ণ।”
