সাকিব-তামিমদের পারফরম্যান্সে খুশি পাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ফিরে আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটাররা কেমন করবেন তা নিয়ে চিন্তিত ছিলেন অনেকেই। তবে ফিরে ঠিকঠাক পারফর্ম করেছেন সবাই। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে প্রথম দুই ম্যাচেই।

সবার মত বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার (২৩ জানুয়ারি) সকালে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি বস সাকিব আল হাসান, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।

তিনি বলেন, ‘পারফরম্যান্সের কথা যদি আমাকে জিজ্ঞেস করেন- সাকিব, মিরাজ ওরা ভালো করছে। বোলিং ফিল্ডিং নিয়ে আমি সন্তুষ্ট। ব্যাটিংয়েও… তামিম একটা ধারাবাহিকতায় ফিরে এসেছে। সাকিবকে নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম কতদিন লাগবে তার ছন্দ ফিরে পেতে। বোঝা যাচ্ছে যে ওর সময় লাগছে না। খুব তাড়াতাড়ি ফর্মে ফিরে এসেছে। এছাড়া অন্য যারা আছে, আমরা অত্যন্ত আশাবাদী।’

একাদশের বাইরে থাকতে অনেক তারকা ও পরীক্ষিত ক্রিকেটার। দলের। তারা সুযোগ পাচ্ছেন না। এই মধুর প্রতিদ্বন্দ্বিতায় বেশ খুশি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন ‘আগে একজন খেলোয়াড় চোট পেলে বদলি কে খেলবে এ নিয়ে চিন্তায় ছিলাম। বিশ্বাস করুন, এখন নির্বাচক, কোচ, অধিনায়ক চিন্তা করে কাকে বাদ দিবে। এত বিকল্প প্রত্যেক খেলোয়াড়ের। এটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »