নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত এক যুগ ধরে নিঃসন্দেহে ভারতের অন্যতম সেরা উইকেটরক্ষক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি অবসরের পর টেস্ট ক্রিকেটে উইকেটের পিছনে দেখা গেছে দেশটির এক নম্বর উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। কিন্তু সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে ঋদ্ধিমানকে পিছনে ফেলে সেই জায়গায় দখল করে নিয়েছেন ঋষভ পান্ত।
উইকেটরক্ষক হিসেবে পান্ত নাম্বার ওয়ান না হলেও ব্যাটিংয়ের ক্ষেত্রে তিনি স্পেশাল ওয়ান। একটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার অসম্ভব ক্ষমতা রয়েছে তাঁর। ইতোমধ্যে সে প্রমাণও তিনি দিয়েছেন অস্ট্রেলিয়া সিরিজে। তাই অনেকের কাছেই ঋদ্ধিমানের প্রবল প্রতিপক্ষ পান্ত।
তবে ৩৬ বছর বয়সী ঋদ্ধিমান ২৩ বছর বয়সী পান্তকে প্রতিপক্ষ মানতে নারাজ। বরং দুজনের এই লড়াইটাকে ইতিবাচক ক্রিকেটীয় লড়াই হিসেবেই ব্যাখা করতে চান তিনি। উইকেট পিছনে দাড়ানোর ক্ষেত্রে দুজন দুজনকে বেশ সহযোগিতা করেন বলেও জানান তিনি।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ঋদ্ধিমান বলেন,”এই লড়াই স্রেফ ক্রিকেটীয়। ওকে (পান্ত) জিজ্ঞেস করে দেখতে পারেন, আমাদের মধ্যে কতটা বন্ধুত্বপরায়ণ সম্পর্ক। একাদশে সুযোগ যেই পাক আমরা পরস্পরকে সহায়তা করি। আমাদের মধ্যে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই।”
অস্ট্রেলিয়ায় সিরিজ শুরুর আগে পান্তের ব্যাটিং ফর্ম নিয়ে প্রশ্ন ওঠায় প্রথম টেস্টের দলে জায়গা পান ঋদ্ধিমান। তিনিও ঐ টেস্টে ব্যর্থ হলে আবারো পান্তকেই সুযোগ দেওয়া হয় একাদশে এরপর সুযোগ পেয়ে পান্ত তৈরী করেছেন ইতিহাস তা আর নতুন করে বলে বলার অপেক্ষা রাখে না।
কিন্তু ঋদ্ধিমান এসব মানদন্ডে বিশ্বাস করেন না। দুজনের মধ্যে যে ভালো করবে সেই সুযোগ পাবে। তিনি শুধু নিজের কাজটা ঠিকমত করে যাওয়াতেই পূর্ণ মনযোগী হতে চান আর দলে সুযোগ পাওয়ার ব্যাপারটা টিম ম্যানেজমেন্টের হাতে ছেড়ে দিতে চান।
এ প্রসঙ্গে ঋদ্ধিমান আরো বলেন,”কে ১ নম্বর বা ২ নম্বর উইকেটরক্ষক এসব আমি দেখি না। যে ভালো করবে দল তাকেই সুযোগ দেবে। আমি শুধু নিজের কাজ করে যাব। সুযোগ পাওয়া আমার হাতে নেই, ম্যানেজমেন্টের ব্যাপার।”
