আগেও পূর্ণ শক্তির দল এসেছিল, তখনো হেরে গিয়েছিল: মুমিনুল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

করোনা ভাইরাস প্রকোপ শুরুর পর আর মাঠে নামা হয়নি বাংলাদেশ দলের। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছে টাইগাররা।২০২১ সালের জানুয়ারি মাসেই বাংলাদেশে সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। কিন্তু দলের বেশিরভাগ তারকা ক্রিকেটারই বাংলাদেশে আসতে অনাগ্রহ প্রকাশ করেছে। ওয়েস্ট ইন্ডিজের কোন দল আসছে তা নিয়ে চিন্তা না করে বরং নিজেদের ভালো ক্রিকেট খেলার দিকে চোখ বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের।

গতকাল বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজ যে দলই পাঠাক না কেন মুমিনুল নিজের মতো করেই খেলবেন। তিনই বলেন, “আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলে তারা সবাই ভালো। ওরা যদি এক নম্বর দলও পাঠায় আমি তো আমার প্রসেস অনুযায়ী খেলি। আমাদের প্ল্যান, রুটিন, প্রসেস অনুযায়ী খেলব।”

ওয়েস্টে ইন্ডিজের সাথে টেস্ট দিয়ে প্রায় এক বছর পর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। দীর্ঘদিন পর খেলার সুযোগ পেয়ে তা কাজে লাগাতে চায় টাইগাররা। এ বিষয়ে তিনি বলেন,“অনেক দিন পর টেস্ট খেলবো, এটা অনেক ভালো একটা সুযোগ আমাদের জন্য। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।”

২০১৮ সালের কথা মুমিনুল মনে করিয়ে দিলেন সেবার পূর্ণ শক্তির ওয়েস্ট ইন্ডিজ দল আসলেও বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল তারা। মুমিনুল বলেন,“একটা কথা বলবো, আগেও ওদের পূর্ণশক্তির দল এসেছিল। আমাদের কাছে হেরে গিয়েছে। ওরা কি দল পাঠাচ্ছে এটা নিয়ে আমরা ভাবছি না। আমরা অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলব, সেটা আমাদের জন্য রোমাঞ্চকর। আমরা নিজেদের সেরাটা খেলতে শতভাগ চেষ্টা করব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »