সড়ক দুর্ঘটনার কবলে ভারতের সাবেক অধিনায়ক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভাগ্য কখন কি যে হয় বলা মুশকিল। ভাগ্য সহায় থাকলে যে সবকিছুই সম্ভব তার প্রমাণ ভারতের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন। গতকাল সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি।

দুর্ঘটনা মারাত্বক হলেও তার থেকে রক্ষা পেয়ে গেলেন ভারতের সাবেক এই অধিনায়ক। জানা গেছে হাইওয়েতে এক মর্মান্তিক দুর্ঘটনায় পড়ে তার গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। তবে আশার কথা কোন ধরণের আঘাত ছাড়াই বেঁচে যান আজহারউদ্দিন। বুধবার (৩০ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যমগুলো এ খবর জানায়।

ভারতীয় গণমাধ্যমে পাওয়া খবর অনুযায়ী গতকাল রাজস্থানের সুরওয়ালের কাছে একটি জায়গায় দুর্ঘটনায় পড়ে তার গাড়ি। জয়পুর থেকে রনথাম্বোরে যাচ্ছিলেন তিনি। পথে হঠাৎ ভয়াবহ দুর্ঘটনায় পড়েন। তবে তিনি অক্ষত আছেন। তার সঙ্গে থাকা অন্য একজন সামান্য আহত হয়েছেন।

দুর্ঘটনার কথা জানিয়ে আজহার নিজেই টুইট করছেন। তিনি লিখেছেন,”একটা দুর্ঘটনার কবলে পড়েছিলাম। আমি ভালো আছি, সুরক্ষিত আছি। সবাই যে অসংখ্য বার্তা পাঠিয়েছেন, তার জন্য ধন্যবাদ।”

সুরওয়াল থানার পুলিশ কর্মকর্তারা জানান, দুমড়ে যাওয়া গাড়ি এবং আহতদের নিরাপদে উদ্ধার করে পরবর্তীতে অন্য গাড়িতে করে আজহারকে অনুষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করা হয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »