ওয়েস্ট ইন্ডিজের দল নিয়ে মাথাব্যথা নেই বাশারের

নিউজ ডেস্ক »

চলতি বছরে করোনার কারণে অনেক সিরিজ বাতিল হয়েছে বাংলাদেশের। যে কারণে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছে টাইগাররা। এবার করোনার পরবর্তী সময়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে টাইগাররা।

 

ইতিমধ্যে দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। সেখানে দেখা গেছে করোনার ভয়ে বাংলাদেশ সফরে আসবেন না জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভোর মত বড় বড় কয়েকজন তারকা। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়েসহ সর্বমোট ১২ জন ক্রিকেটার বাংলাদেশ সফরে আসতে অপরগতা প্রকাশ করেছেন। তাদেরকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে।

 

ওয়েস্ট ইন্ডিজ অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে আসছে বলে বাংলাদেশের ভালো করার প্রত্যাশাও বেশি। কিন্তু সেই প্রত্যাশার চাপও তো আছে!

নির্বাচক হাবিবুল বাশার অবশ্য দাবি করলেন, ওয়েস্ট ইন্ডিজের দল কেমন হল তা নিয়ে মোটেও ভাবনা নেই। জনপ্রিয় এক অনলাইন পোর্টালকে তিনি বলেন,”কোনো মন্তব্য নেই। নো কমেন্টস। ওরা আসলে কোন দল বানালো আমাদের এটা দেখার কিছু নেই। ওরা যেই দল পাঠাবে সেই দলের সাথেই সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের লক্ষ্য তো একটাই (পয়েন্ট অর্জন)। ওরা কাকে পাঠাচ্ছে না পাঠাচ্ছে আমাদের দেখার বিষয় না।’’

 

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির এই দলের কাছে যদি হেরে যেতে হয়, তাহলে হয়ত আক্ষেপ বা হতাশাও থাকবে বেশি। অবশ্য বাশার এসব নেতিবাচক ভাবনায় যেতেই নারাজ,”তারা সবাই ভালো ক্রিকেটার। হারলে কী হবে? এই নেতিবাচক চিন্তাটা থাকা উচিত না। হার মানেই হার। যার সাথেই হারেন না কেন। যার সাথেই খেলি, অস্ট্রেলিয়া হোক ইন্ডিয়া হোক, হারার চিন্তা করি না।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »