নিউজ ডেস্ক »
সিরিজের প্রথম টেস্টে ৩৬ রানে অলআউটের লজ্জা ভারতকে ঠিক কতদিন কিংবা কত বছর বয়ে বেড়াতে হবে তা সবারই অজানা। হতাশাজনক পারফর্মমেন্সের পর মেলবোর্নে ভারতের এমন দাপুটে জয়কে ইতিহাসের সেরা প্রত্যাবর্তন বলে মনে করছেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।
অ্যাডিলেডে দিবারাত্রির টেস্ট ভুলে দ্বিতীয় টেস্টে এমন ঘুরে দাঁড়ানোটা সত্যি চমকপ্রদ। ৮ উইকেটের জয় পাওয়া এই ম্যাচকে রবি শাস্ত্রী ক্রিকেট ইতিহাসের সেরা প্রত্যাবর্তন বলেই মনে করছেন।
শুধু যে ভারতের ক্ষেত্রে সেটা নয়, পুরো বিশ্ব ক্রিকেটের বিচারেই সেরা প্রত্যাবর্তন। শাস্ত্রী বলেন,’‘আমার মনে হয় এই জয়টা শুধু ভারতেরই নয়, পুরো বিশ্ব ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তন হিসেবে লেখা থাকবে। ৩৬ রানে অলআউট হওয়ার তিন দিন পর ঘুরে দাঁড়িয়ে পাল্টা লড়াই করা দারুণ এক ব্যাপার। দলের সব ক্রিকেটারের এই কৃতিত্ব।’’
মেলবোর্ন টেস্টের আগে দল ছাড়েন পিতৃত্বকালীন ছুটিতে থাকা অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক নেই, দলের এমন বিপর্যয়- এই কঠিন পরিস্থিতিতে কীভাবে ঘুরে দাঁড়াল ভারত?
শাস্ত্রী জানান,’‘অ্যাডিলেডেও আমাদের খেলায় ইতিবাচকতা ছিল। দিনশেষে সবাই অবশ্য ফলাফলই দেখে। দ্বিতীয় ইনিংসে মাত্র এক ঘণ্টায় আমরা ধরাশায়ী হয়ে গিয়েছি। বিপর্যস্ত হওয়া মানে তো বিপর্যস্ত হওয়াই। এরপর উঠে দাঁড়িয়ে আবার লড়াই করা ছাড়া আর কিছু করার থাকে না। আমরা এই টেস্টে ঘুরে দাঁড়িয়ে দেখিয়েছি। অস্ট্রেলিয়ায় বসে অস্ট্রেলিয়ার মত দলের বিপক্ষে জয় তুলে নিতে হলে একদিন-দুইদিন নয়, সব দিনই ভালো খেলতে হয়।”
