ওয়েস্ট ইন্ডিজ দল দেখে হতাশ নির্বাচক-অধিনায়ক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতরাতে বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে তাদের নিয়মিত টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার ও ওয়ানডে অধিনায়ক কাইরোন পোলার্ড নিজেদের প্রত্যাহার করে নেন। তাদের সাথে করোনার ভয়ে নাম প্রত্যাহার করে নেন আরও নিয়মিত ৯ ক্রিকেটার৷

এদের মধ্যে আছেন নিয়মিত, অলরাউন্ডার রস্টন চেজ, হেটমায়ার, ড্যারেন ব্রাভোরা। ওয়ানডে দলের ১৫ জনের মধ্যে ৮ ক্রিকেটারেরই হয়নি ওয়ানডে অভিষেক। এমন ২য় সারির দল দেখে কিছুটা হতাশ বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার ও টেষ্ট অধিনায়ক মমিনুল হক।

মমিনুল হক বলেন, ‘সবাই আশাই করে যে নিয়মিত দলটাই আসবে। শুধু আমি না, সবাই এটাই আশা করেছিল।’

তবে আন্তর্জাতিক ক্রিকেটে বড় বা ছোটো কোনো দল নেই। তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ছোট-বড় চিন্তা করে খেলা যাবে না। দল দেখে যদি ভাবেন আপনি জিতে যাবেন, এটা ঠিক না। মূল ক্রিকেটার নেই, তার মানে এই না যে দল ওদের হালকাভাবে নেবে। দেশে খেললে আমাদের প্রত্যাশা থাকে আমরা ভালো করব। আর টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা অবশ্যই জয়ের জন্যই যাব। সেটা এই দল না, ওদের মূল দল এলেও আমাদের মানসিকতা একই থাকত।’

বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার ক্যারিবীয়দের দল দেখে একটু দুঃখই পেলেন। তিনি বলেন,‘একটু দুঃখ লাগল। করোনার কারণে যদি না আসে তাহলে তো কিছু বলতে পারবেন না। কিন্তু আমার যুক্তি হলো, ওরা সব জায়গায় খেলছে, বাংলাদেশে অন্যান্য জায়গা থেকে কোভিড-১৯ ভালো ব্যবস্থাপনা করেছি, নিয়ন্ত্রণ করেছি। দুটি টুর্নামেন্ট করেছি সফলভাবে। সব জায়গায়ই তো মানুষ মারা যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এলে কোভিডের সমস্যা হয়, এই যুক্তিটা বুঝে ওঠা কঠিন।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »