নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টেস্ট ম্যাচে কোন খেলোয়াড় যদি চোটে পড়ে তাহলে কি হতে পারে সেটা দেখা গিয়েছে সদ্য সমাপ্ত সেঞ্চুরিয়ন টেস্টে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে লঙ্কান দলে ছিল চোটে পড়ার হিড়িক। যে কারণে চতুর্থ দিনে এসেই পরাজয় মেনে নিতে হয়েছে এক ইনিংস ও ৪৫ রানের পরাজয়।
বক্সিং ডে টেস্ট শুরুর পরই চোটে পড়ে ম্যাচ থেকে ছিটকে পড়েন লঙ্কান ক্রিকেটার ধনঞ্জয়া ডি সিলভা। এরপর চোট পান কাসুন রাজিথা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও লাহিরু কুমারা।
এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য করোনা মহামারি বিবেচনায় কোভিড বদলির মত চোট বদলি নিয়ম চালুর আবেদন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধান কোচ মিকি আর্থার।
তিনি বলেন,’‘আমাকে আইসিসি ক্রিকেট কমিটির সাথে বসতে হবে। টেস্ট শেষে তাদের সাথে আলাপ করতে হবে। দেখেছি ভারতও তাদের একজন পেসারকে চোটের কারণে হারিয়েছে। আমার আশঙ্কা, অন্য দলগুলোও এভাবে হারাতে থাকবে। কারণ করোনা পরিস্থিতিতে কোয়ারেন্টিন প্রক্রিয়া শেষ করার পর এত চাপ নেওয়া খেলোয়াড়দের জন্য কঠিন হচ্ছে।’’
শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডে ছিলেন ২১ জন সদস্য। আর্থার মনে করছেন, স্কোয়াডটি এত বড় না হলে দ্বিতীয় টেস্টে তাকে ব্যাট করতে নামতে হত, সাথে থাকতেন ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার!
রসিকতা করে আর্থার বলেন,’‘ভাগ্যিস (বড় স্কোয়াড ছিল)। তা না হলে ফ্লাওয়ারকে তিনে আর আমাকে চার নম্বরে ব্যাট করতে নামতে হত পরের টেস্টে।’’
