নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বে ওভালে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০১ রানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। পঞ্চম দিনের শেষ সেশনে জেমিসন-ওয়েগনারদের দূর্দান্ত বোলিংয়ে নাটকীয় জয় পায় কিউইরা।
৩৭৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৭১ রানে ৩ উইকেট নিয়ে পঞ্চম দিনে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরুতেই আজহার আলীকে হারিয়ে ব্যাকফুটে যায় পাকিস্তান। ৫ম উইকেটে ফাওয়াদ আলম ও অধিনায়ক রিজওয়ানের ১৬৫ রানের অসাধারণ এক জুটি পাকিস্তানকে ম্যাচে ফেরত আনে। এক দশক পর শতকের দেখা পান ফাওয়াদ আলম। অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টের টানা দুই ইনিংসেই ফিফটি করেন রিজওয়ান। চা বিরতির আগ পর্যন্ত পাকিস্তানের স্কোর ছিলো ৪ উইকেটে ২১৫ রান। জয়ের জন্য প্রয়োজন শেষ সেশনে ১৫৮ রান।
রিজওয়ান-ফাওয়াদদের ব্যাট যেভাবে খেলছিলো এই টেস্ট অন্তত ড্র হবে সেটি আশা করতেই পারে পাকিস্তানিরা। তবে চা বিরতির পরই পাকিস্তান শিবিরে আঘাত হানেন জেমিসন-ওয়েগনাররা। জেমিসনের বলে রিজওয়ানের লেগ বিফোরের আবেদন নাকচ করেন আম্পায়ার, আম্পায়ারের সিদ্ধান্তকে পালটা চ্যালেঞ্জ ছুড়ে রিভিউ নেন উইলিয়ামসন। উইলিয়ামসনের এক সিদ্ধান্তেই পালটে যায় ম্যাচের চিত্র। রিজওয়ান ৬০ রানে লেগ বিফোরের শিকার হয়ে ফেরত যান। ২৪০ রানে পড়ে ৫ম উইকেট।
এরপর আর দাঁড়াতেই পারেনি পাকিস্তানিরা। দলীয় রান ২ যোগ হতেই এক দশক পর শতক করা ফাওয়াদ আলমকে ফেরান ওয়েগনার। শেষ ঘন্টায় কিউইদের প্রয়োজন ৪ উইকেট। মাত্র ২২ রানের ব্যবধানেই পাকিস্তানের অবস্থা ২৬১ রানে ৯ উইকেট। শেষ ১৩ ওভারে কিউইদের দরকার মাত্র ১ উইকেট।
শেষ উইকেটে আবারো নাটকরের জন্ম দেন শাহীন-নাসিমরা। ৯ ওভার ক্রিজে মাটি কামড়ে পড়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি ৪ ওভার বাকি থাকতে মিচেল স্যান্টারকে ক্যাচ দিয়ে আউট হন নাসিম শাহ। শ্বাসরুদ্ধকর শেষ কয়েক মিনিটে ১০১ রানের নাটকীয় জয় পায় কিউইরা।
স্কোরঃ নিউজিল্যান্ড ৪৩১/১০ ও ১৮০/৫ (ডিক্লে)
পাকিস্তান ২৩৯/১০ ও ২৭১/১০
নিউজিল্যান্ড ১০১ রানে জয়ী।
