বক্সিং ডে টেস্টে সুবিধাজনক অবস্থায় ভারত

নিউজ ডেস্ক »

মেলবোর্নে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৯৫ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া দল। প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ৩৬ রান।

 

এর আগে দিনের শুরুতে বক্সিং ডে টেস্টে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক টিম পেইন। ইনিংসের শুরুতে জো বার্নসকে রানের খাতা খোলার আগেই বিদায় করেন জাসপ্রীত বুমরাহ। আরেক ওপেনার ম্যাথু ওয়েডকে বিদায় করেন রবিচন্দ্রন অশ্বিন। এরপরই টেস্টের সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথকেও ০ রানে সাজঘরের পথ দেখান অশ্বিন। ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমত চাপে পড়ে পেইনের দল। পরবর্তীতে মারনাস লাবুশেন ও ট্রেভিস হেডের ৮৬ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। হঠাৎই ১০ রানের ব্যবধানেই তাদেরকে ক্রিজছাড়া করেন মোহাম্মদ সিরাজ ও বুমরাহ ।

 

হেড ও লাবুশেন আউট হওয়ার পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। ১৯৫ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান আসে লাবুশেনের ব্যাট থেকে। হেড ৩৮ ও ওয়েড ৩০ রান করেন।

 

ভারতের পক্ষে ৪টি উইকেট শিকার করেছেন বুমরাহ। অশ্বিন পেয়েছেন ৩টি উইকেট। অভিষিক্ত সিরাজ ঝুলিতে পুরেছেন ২টি উইকেট এবং ১টি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা।

 

জবাবে ব্যাটিং করতে নেমে মিচেল স্টার্কের ঝড়ের মুখে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথম ওভারেই দলীয় ০ রানে মায়াঙ্ক আগারওয়ালকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। তবে বাকিটা সময় নির্বিঘ্নেই পার করেছেন গিল ও পুজারা। গিল ৩৮ বলে ২৮ রানে ও পুজারা ২৩ বলে ৭ রানে অপরাজিত আছেন। ভারতের সংগ্রহ ১ উইকেটে ৩৬ রান।

 

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১৯৫/১০ (১ম ইনিংস)

লাবুশেন ৪৮, হেড ৩৮, ওয়েড ৩০, স্মিথ ০;

বুমরাহ ৪/৫৬, অশ্বিন ৩/৩৫, সিরাজ ২/৪০, জাদেজা ১/১৫।

ভারত ৩৬/১ (১ম ইনিংস)

গিল ২৮*, পুজারা ৭*;

স্টার্ক ১/১৪।

১ম দিন শেষে অস্ট্রেলিয়া ১৫৯ রানে এগিয়ে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »