নিউজ ডেস্ক »
ক্রিকেটে একটা কথা বরাবরই হয়ে আসছে ক্যাচ মিস ত ম্যাচ মিস। আর ঠিক সেটাই যেনো হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচে। বে ওভালে টসে জিতে বোলিংয়ে এসে সিরিজের প্রথম টেস্টের সকালটা দারুণভাবে শুরু করেছিল পাকিস্তানি পেসাররা। তবে ম্যাচে দুই দুইবার কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের ক্যাচ ছেড়ে দিনের শেষটা রাঙাতে পারেনি পাকিস্তান দল। প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে ২২২ রান করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
৭০ রান করে ফিরেছেন অভিজ্ঞ টেলর। এছাড়া ব্যক্তিগত ১৮ রানের সময় জীবন পান উইলিয়ামসন পরবর্তীতে নতুন জীবন কাজে লাগিয়ে হাফ সেঞ্চুরি তুলে দিনশেষে ৯৪* রানে অপরাজিত রয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। দুইবার সুযোগ পাওয়ার পরে এখন সেঞ্চুরি করার অপেক্ষায় রয়েছেন তিনি।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৩ রানেই দুই ওপেনারকে হারিয়ে বসে নিউজিল্যান্ড। ৪ রান করে টম লাথাম ফিরে যাওয়ার পর ৫ রান করে ফিরে গেছেন টম ব্লান্ডেলও। এরপর দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান উইলিয়ামসন এবং টেলর। তাদের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে কিউইরা।
৭০ রান করে টেলর ফিরে গেলে তাদের দুজনের জুটি ভাঙে ১২০ রানের। পরে নিকোলসকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টা বেশ ভালোভাবেই শেষ করেন উইলিয়ামসন। ৪২ রানে অপরাজিত আছেন নিকোলস।
এই দুইজনের জুটি থেকে এসেছে ৮৯ রান। আগামীকাল ২২২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন তারা। পাকিস্তানের হয়ে একাই তিন উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।
সংক্ষিপ্ত স্কোর:
প্রথম দিন শেষে নিউজিল্যান্ড: ২২২/৩ (ওভার ৮৭) (উইলিয়ামসন ৯৪*, টেলর ৭০, নিকোলস ৪২*, শাহিন শাহ আফ্রিদি ৩/৫৫)
