বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি শুরু করছেন জাহানারা-সালমারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনার কারণে লম্বা একটা সময় ধরে বন্ধ ছিল ক্রিকেট। অবশেষে সকল ধকল কাটিয়ে ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে বাইশ গজে ফিরেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা। তবে ২২ গজে এখনো ফিরতে পারেনি রুমানা আহমেদ, সালমা খাতুনরা। আগামী জুলাইয়ে বাংলাদেশ নারী দল ওয়নাডে বিশ্বকাপ বাছাইয়ের জন্য মাঠে নামবে। সে লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে টাইগ্রেসরা।

বাংলাদেশ নারী দল প্রায় ১১ মাস ধরে ২২ গজ থেকে দূরে আছে। তবে বিসিবি প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে পুরুষ ক্রিকেটাররা খেলায় ফিরলেও এখনো সুযোগ আসেনি নারী খেলোয়াড়দের।

নারী খেলোয়াড়দের আর বসিয়ে রাখতে চাইছে না টাইগার বোর্ড। আগামী জুলাই মাসে শ্রীলঙ্কায় মাঠে গড়াতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নেওয়ার জন্য প্রস্তুতির সুযোগ করে দিচ্ছে। সে কারণে ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া জাহানারা আলমদের এই ক্যাম্প চলবে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। যদি পরিস্থিতি ভালো হয় তবে, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনেরও ভাবনা আছে বোর্ডের।

এ প্রসঙ্গে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন,”প্রায় ১১ মাস ধরে নারী দলের কেউ খেলার মধ্যে নেই। এজন্য একটু আগেই আমরা ওদের প্রস্তুতি শুরু করছি। যেন নিজেদের সময় মতো মানিয়ে নিতে পারে। এছাড়া আমাদের চিন্তায় আছে ঘরোয়া বা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনেরও। যদি পরিস্থিতি ভালো হয়, সেগুলো করতে সময় লাগবে না। আমরা প্রক্রিয়ার মধ্যেই রাখছি সব।’’

তবে হেড কোচ না থাকায় আপাতত দেশি কোচ নিয়েই কাজ শুরু করতে চায় বোর্ড। নাদেল জানান,”আপতত আমরা সিলেটে এই ক্যাম্প শুরু করবো দেশি কোচ নিয়ে। তবে আগামী জানুয়ারিতে আশা করি একজন বিদেশি কোচ নিয়োগ দিতে পারবো। সেই চেষ্টাই আমরা করছি।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »