নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি নিজের অধিনায়কত্বকেও প্রতিষ্ঠিত করেছেন কেন উইলিয়ামসন। তার অধীনে সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল কিউইরা। কিন্তু ভাগ্যের কাছে পরাজিত হয়েছিল তারা।
ওয়ানডের সাথে পাল্লা দিয়ে টেস্টেও অধিনায়ক হিসেবে যথেষ্ঠ সফল উইলিয়ামসন। সদ্য শেষ আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে দুই নম্বর উঠে এসেছে তার দল নিউজিল্যান্ড। সেই সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জোর দাবি রেখে চলেছে তারা।
তার অধিনায়কত্বে এত সব সাফল্যের পেছনে বড় অবদান রেখে চলেছেন উইলিয়ামসন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিউই দলপতিকে প্রশ্ন করা হয়েছিল ক্রিকেট ইতিহাসের কোন অধিনায়কের অধীনে খেলার আগ্রহ রয়েছে তার। কিংবা কোন অধিনায়কের কাছ থেকে প্রতিনিয়ত শেখেন তিনি।
উত্তরে উইলিয়ামসন বলেন,”এম এস ধোনি এমন একজন যার কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখছি। সে দারুণ ভাবে দলকে পরিচালিত করে।”
কিউই অধিনায়ক জানিয়েছেন, অধিনায়ক হিসেবে ধোনিকেই অনুসরণ করেন তিনি। ধোনির অধীনেই ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। এরপর তার অধীনেই ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপের শিরোপা জয় করে ভারতীয়রা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি। তাই উইলিয়ামসনের এখনও তার কাছ থেকে শেখার সুযোগ রয়েছে।
