ডেস্ক রিপোর্ট »
নিউজিল্যান্ডের মাটিতে সফরকারী যে কোন দলকে সফল হতে খুব কম দেখা যায়। মাঠে ঠাণ্ডার সাথে সবুজ উইকেটে কঠিন পরীক্ষায় পড়তে হয় প্রতিপক্ষের সব ব্যাটসম্যানদের। আর সঙ্গে ত আছেই নিউজিল্যান্ডের পেসারদের গতিময় বোলিং, সুইং, বাউন্স এবং লাইন-লেন্থ। তবে এসব কোন কিছুকেই আমলে নিতে নারাজ মোহাম্মদ রিজওয়ান।
ট্রেন্ট বোল্ট, টিম সাউদি বা নেইল ওয়াগনারদের ভয় পাওয়ার কোন কারণ নেই বলে জানিয়েছেন পাকিস্তানের এই ভারপ্রাপ্ত অধিনায়াক। কারণ ঘরের মাঠেই নিউজিল্যান্ডের মতো উইকেটেই খেলে থাকে পাকিস্তানের ব্যাটসম্যানরা। এই কারণেই সিরিজের প্রথম টেস্টের আগে নিজেরা আত্মবিশ্বাসী তাদের ব্যাটসম্যান নিয়ে।
রিজওয়ান বলেন,”আমরা নিউজিল্যান্ডের বোলারদের কেন ভয় পাব? এর পেছনে তো কোনো কারণ দেখছি না। কারণ ঘরের মাঠে অনেকটা একই ধরণের উইকেটে খেলে থাকেন ব্যাটসম্যানরা। বিশেষ করে অ্যাবোট্টাবাদ, পেশোয়ার, রালওয়ালপিন্ডি এবং শিয়ালকোটে।”
তিনি আরও বলেন,”নিউজিল্যান্ড আমাদের নিয়ে কি পরিকল্পনা সাজাচ্ছে তা নিয়ে ভাবতে চাচ্ছি না। উইকেট দেখেছি মনে হচ্ছে সবুজ উইকেটই দিবে। আমাদের কাজ সামর্থ্য অনুযায়ী মাঠে পারফর্ম করা। তাদের বিশ্বমানের পেস বোলিং লাইন আপ থাকলেও আমাদের বোলাররাও প্রতিপক্ষকে ঝামেলায় ফেলতে পারে।’’
বাবর আজমের জায়গায় যেই সুযোগ পাবে সে সেটা লুফে নিবে বলে আত্মবিশ্বাসী রিজওয়ান। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য,”হ্যাঁ অবশ্যই বাবরকে এতোগুলো ম্যাচে না পাওয়া দলের জন্য বড় ধাক্কা। তবে যেই ওর জায়গায় সুযোগ পাবে আমি আশা করব সে সেটা লুফে নিবে।”
