নিউজ ডেস্ক »
অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতকে চেনায় যায়নি। প্রথম ইনিংসে ভারত ভালো শুরুর পরেও দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ৩৬ রানে। টেস্ট ক্রিকেট ইতিহাসের ইন্ডিয়ার এটি দলীয় সর্বনিন্ম স্কোর। এমন হতশ্রী পারফরম্যান্সের পর সমালোচনার তীব্র ঝড় বয়ে যাচ্ছে তাদের ওপর।
দ্বিতীয় টেস্টে কতটা ঘুরে দাঁড়াতে পারবে ভারত সেটা নিয়ে চলছে নানা আলোচনা। এসবের মাঝে ভারতীয় দলের দিকে আরেক বাউন্সার ছুড়ে দিলেন সাবেক অজি অধিনায়ক মার্ক ওয়াহ। তার মতে, অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশই হবে ভারত!
আগামীকাল শনিবার সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। এই টেস্ট শুরুর আগে তাই ফক্স ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা প্রসঙ্গে মার্ক ওয়াহ বলেছেন,”কোনও আশা নেই তাদের। আমি ভেবেছিলাম, অ্যাডিলেড হলো এমন এক টেস্ট, যেখানে তাদের জয় দিয়ে শুরু করার সুযোগ ছিল। কেননা বিরাট কোহলি ওই এক টেস্টের জন্যই ছিল। ভেবেছিলাম, কন্ডিশনটা তাদের অনুকূলে আছে। (অ্যাডিলেড টেস্টের) তৃতীয় দিনে অস্ট্রেলিয়া যেভাবে গুঁড়িয়ে দিলো, তাতে করে তাদের ঘুরে দাঁড়ানোর কোনও সম্ভাবনা আমি দেখছি না”
এর আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল সফরকারীরা। তবে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল কোহলির নেতৃত্বাধীন ভারত।
