অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের ৩০ ভাগ ওয়ার্নার এবং ৩০ ভাগ স্মিথ- শ্রীকান্ত

নিউজ ডেস্ক »

চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতকে ৩৬ রানে অলআউট করেছিল অস্ট্রেলিয়া। আর সেই দুঃস্বপ্নকে পেছনে ফেলে নতুন স্বপ্নের দিকে এগোনোর চেষ্টায় আছে পুরো ভারতীয় দল। নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের দলকে প্রথম টেস্ট ভুলে যেয়ে নতুন শুরুর পথ দেখানোর চেষ্টা করলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তার মতে, অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ যথেষ্ট ভালো নয়, যা সহজেই কাজে লাগাতে পারে ভারত।

 

অ্যাডিলেডে হয়ে যাওয়া প্রথম ইনিংস থেকেই ভারতীয় দলকে আত্মবিশ্বাস যোগাতে বলছেন ভারতের সাবেক ক্রিকেটার ও একসময়ের প্রধান নির্বাচক শ্রীকান্ত। ভারতের সাবেক এই ব্যাটসম্যানের মতে, অস্ট্রেলিয়া দলের ৩০ ভাগ ওয়ার্নার এবং ৩০ ভাগ স্মিথ। বাকি ৪০ ভাগ অন্যদের মিলে।

 

দা এইজ ও দা হেরাল্ডের সঙ্গে কথোপকথনে শ্রীকান্ত বলেন, ভুলে গেলে চলবে না, অস্ট্রেলিয়ার ব্যাটিং দারুণ কিছু নয়। আমার বিশ্বাস, অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের শতকরা ৩০ ভাগই ডেভিড ওয়ার্নার, আরও ৩০ ভাগ স্টিভেন স্মিথ। অন্যরা মিলে বাকি অংশ। তাদের বোলিং দারুণ। কিন্তু ব্যাটিং খুব শক্তিশালী নয়। ভারত সেটা কাজে লাগাতে পারে।”

 

তবে বিরাট কোহলি ও মোহাম্মদ শামির অনুপস্থিতিতে সফরকারীদের ঘুরে দাঁড়ানো সহজ হবে না, মানছেন শ্রীকান্ত। যদিও তার বিশ্বাস হাল ছাড়বে না ভারত।

 

এ বিষয়ে শ্রীকান্ত বলেন,”আমার মনে হয়, আমাদের দলের মানসিকতা (প্রথম টেস্টে) অতি রক্ষণাত্মক ছিল। ওদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আরেকটু ইতিবাচক মানসিকতা মেলে ধরতে হবে। এটাই লড়াইয়ের সেরা পথ। সত্যি বলতে, কিং কোহলি ও শামিকে ছাড়া কাজটা কঠিন হবে, সন্দেহ নেই। তবে আমি নিশ্চিত, ওরা মাঠে নেমে লড়াই করবে। ভারতে সবাই হতাশ অবশ্যই। তবে সবাইকে ব্যাপারটি এভাবে নিতে হবে যেন এটা ছিল একটা দুঃস্বপ্ন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »