নির্বাচক কমিটির চেয়ারম্যান হলেন চেতন শর্মা

নিউজ ডেস্ক »

ভারতীয় দলের সাবেক পেস বোলার চেতন শর্মাকে তাদের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এছাড়া নির্বাচক হিসেবে মনোনীত হয়েছেন আরও দুই সাবেক পেসার-আবে কুরুভিলা ও দেবাশিস মোহান্তি। গতকাল বৃহস্পতিবার এই তিন প্রাক্তন পেসারকে বেছে নেয় মদন লালের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি)।

 

পাঁচজনের মধ্যে সুনীল যোশি ও হারবিন্দর সিংও রয়েছেন এই নির্বাচক কমিটির সদস্য। চলতি বছরের মার্চে বাকি এই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে এই ৫ জনের সবাই ছিলেন বোলার। যার মধ্যে একমাত্র যোশি ছিলেন স্পিনার।

 

ভারত ক্রিকেট ইতিহাসের প্রথম হ্যাটট্রিক করা বোলারের নাম চেতন শর্মা। ১৯৮৭ সালের ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ বলে ৩ উইকেট নিয়েছিলেন এই পেসার।

 

এর আগে নির্বাচক কমিটির চেয়ারম্যান হওয়ার দৌড়ে প্রবলভাবে এগিয়েছিলেন অজিত আগারকার। কিন্তু ভারতের হয়ে ২৩টি টেস্ট এবং ৬৫টি একদিনের ম্যাচ খেলেছেন চেতন। তাই বোর্ডের সংবিধান অনুযায়ী বাকিদের থেকে বেশি টেস্ট খেলার কারণেই এই বড় দায়িত্বে তাকে (চেয়ারম্যান) করা হয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »