নিউজ ডেস্ক »
সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টুর্নামেন্ট সেরা হয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। বল হাতে এই টুর্নামেন্টে ১০ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন তিনি। পুরো আসর জুড়েই মুস্তাফিজ ভালো বল করলেও ফাইনালে জেমকন খুলনার বিপক্ষে ৫ রানে হেরে শিরোপা জয় করতে পারেনি তার দল চট্টগ্রাম।
এই টুর্নামেন্টে তার অস্ত্র কাটার আর স্লোয়ারে বাজিমাত করেছেন এই বাঁহাতি পেসার। টুর্নামেন্ট সেরার পুরষ্কার হাতে মুস্তাফিজ জানিয়েছেন, ফিটনেসের কারণেই এমন পারফরম্যান্স করা সম্ভব হয়েছে তাঁর।
এ প্রসঙ্গে মুস্তাফিজ বলেছেন,”শুধু আমার কথা বলছি না। ব্যাটসম্যান বলেন বোলার বলেন সবাই ফিটনেস নিয়ে কাজ করেছে। করোনার এই ছয় মাস সবাই বসে ছিল। খেলা শুরু হওয়ার আগে সবাই যে কাজগুলো করেছে, ব্যাটসম্যান বলেন বোলার বলেন সবাই কাজগুলো করেছে।”
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বাংলাদেশে প্রায় সাড়ে ৪ মাস বন্ধ ছিল ক্রিকেট। এই সময়ই নিজেকে ফিট রাখতে জিম আর রানিং চালিয়ে গেছেন মুস্তাফিজ। তারই সুফল পেলেন এই টুর্নামেন্ট।
এই পেসারের ভাষ্য,”করোনার বিরতি হওয়ার পর আমি চিন্তা করেছি কি করলে আমি ফিট থাকবো। আমি জিম এবং রানিংয়ের চেষ্টা করেছি। এখন ভালো লাগছে।”
