নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে চলতি সিরিজে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড় একের পর এক ইনজুরিতে পড়ছেন। সর্বশেষ সেই তালিকায় তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ যুক্ত হবেন কিনা সেটা অবশ্য এখনই বলা যাচ্ছে না। তবে পিঠে কিছুটা ব্যথা অনুভব করায় অনুশীলন সময় ব্যাটিং না করে সেখান থেকে চলে গেছেন দলটির অন্যতম এই ক্রিকেটার।
তাতে চিন্তার ভাঁজ পড়তে পারে অজি শিবিরে। ১৭ ডিসেম্বর ভারতের বিপক্ষে দিবা রাত্রির টেস্ট সিরিজ শুরুর দুদিন আগে অনুশীলন করতে গিয়ে ব্যথা অনুভব করেন। মঙ্গলবার অনুশীলনেও তিনি কিছুটা দেরিতে যোগ দিয়েছিলেন। শুধু মাত্র ওয়ার্ম আপ করার পর অস্বস্তিকর লাগায় ব্যাটিং না করেই অনুশীলন ছেড়ে চলে যান।
যদিও আগামীকাল অ্যাডিলেড ওভালে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেয়ার কথা রয়েছে। কোন কারণে তিনি যদি ইনজুরিতে পড়েন তাহলে বড় বিপাকে পড়তে হবে অস্ট্রেলিয়াকে। কারণ ইতোমধ্যে ইনজুরির কারণে ব্যাকফুটে রয়েছে বেশ কয়েকজন ক্রিকেটার।
এর আগে ইনজুরির কারণে প্রথম টেস্টে থাকছেন না দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উইল পুকোভস্কি। প্রস্তুতি ম্যাচ খেলার সময়ে মাথায় আঘাত পেয়ে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও অনিশ্চিত। তবে ম্যাচ শুরুর আগে ফিট হলে অভিষেক হবে গ্রিনের। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার।
