মারুফ ইসলাম ইফতি »
সতীর্থ নাসুম আহমেদের সাথে মাঠে অশোভন আচরনের জন্য নিজের দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন বেক্সিমকো ঢাকার দলপতি মুশফিকুর রহিম।
মঙ্গলবার (আজ) নিজের অফিশিয়াল ফেসবুক ফ্যান পেজ হতে সতীর্থ নাসুমকে নিয়ে একটি ছবি প্রকাশ করে নাসুম ও দর্শকদের কাছে আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চেয়েছেন মুশফিক।
গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে গতকালের (সোমবার) মাঠের ঘটনার জন্য ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন মুশফিক। তুচ্ছ ব্যাপার নিয়ে সতীর্থ নাসুমের দিকে এমন আক্রমণাত্মক ভাঙ্গিতে গায়ে হাত তুলতে যাওয়ার মতো দৃষ্টিকটু ঘটনাটি দর্শক ও ক্রিকেট মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। মুশফিকের এমন অপ্রত্যাশিত হিংস্র আচরনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে মুশফিকের মুন্ডুপাত চলে আসছিল ঘটনার পর থেকে।
শান্তশিষ্ট মুশফিকের এতটা রুদ্রমূর্তি রূপ এর আগে কখনো দেখা যায়নি। ম্যাচের টানটান উত্তেজনাকর মুহুর্তে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত! ভুলটা ঠিকি করেছেন মুশফিক। আর নিজের ভুল বুঝতে সক্ষম হয়ে নিজেই দুঃখপ্রকাশ করেছেন নাসুম সহ ভুক্তকূল ও দর্শকমহলেও।
ফরচুন বরিশালের বিপক্ষে গতকালের ম্যাচের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে নাসুমের সঙ্গে হাস্যোজ্বল একটি ছবি সহ নিজের অফিশিয়াল ফ্যান পেজ হতে একটি পোস্টের মাধ্যমে সকলের নিকট ক্ষমাপ্রার্থনা করেছেন মুশফিক।
নিজের ফেসবুক পেজ হতে মুশফিক লিখেনঃ
আসসালামু আলাইকুম। প্রথমে আমি অনানুষ্ঠানিক ভাবে আমার সকল সমর্থক ও দর্শকদের কাছে গতকালের ম্যাচের ঘটনার জন্য দুঃখপ্রকাশ করছি। আমি গতকাল ম্যাচের পরপর নাসুমের কাছে এই আচরনের জন্য ক্ষমা চেয়ে নিয়েছি। এখন আমি আমার সৃষ্টিকর্তার কাছেও এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সবসময় মাথায় রাখি সবকিছুর পরও আমি একজন মানুষ। আমি গতকাল মাঠে যে আচরন প্রদর্শন করেছি তা মেনে নেওয়ার মতো নয়। ইনশাআল্লাহ আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যৎয়ে আমি মাঠে কিংবা মাঠের বাইরে, এমন ঘটনার পুনরাবৃত্তি কখনো করবো না।
উল্লেখ্য, গতকাল (সোমবার) ফরচুন বরিশালের বিপক্ষে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচের টানটান উত্তেজনাকর মুহুর্তে আফিফের একটি ক্যাচ তালুবন্দী করা নিয়ে মেজাজ হারিয়ে সতীর্থ নাসুমের দিকে তেড়েমেড়ে আক্রমণাত্মক ভাঙ্গিতে দেখা গিয়েছিল মুশফিককে। মুশফিকের এমন দৃষ্টিকটু আচরনের জন্য তীব্র সমালোচনার শিকার হচ্ছিলেন তিনি। আজকে আনুষ্ঠানিক ভাবে মুশফিকের ভুল স্বীকার করায় ক্রিকেট সমর্থকদের ক্ষোভ কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে।
নিউজক্রিকেট/ মারুফ ইসলাম ইফতি
