নিউজ ডেস্ক »
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে যাত্রা থামলো ফরচুন বরিশালের। তামিম ইকবালের নেতৃত্বাধীন এই দলটি অনেক কষ্টে প্লে-অফে জায়গা করে নিলেও শেষ পর্যন্ত এলিমিনেটর ম্যাচ খেলেই বিদায় নিয়েছে। ম্যাচ শেষে গতকাল তরুণদের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন বরিশালের অধিনায়ক।
গ্রুপ পর্বের ম্যাচে রাজশাহীর বিপক্ষে বরিশালের দ্বিতীয় লেগের খেলায় আলো ছড়ানো এক লড়াই দেখেছিল ক্রিকেট অঙ্গন। সেই ম্যাচে দারুণ এক শতক হাঁকিয়ে দলকে জয় এনে দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন। ম্যাচ শেষে আনুষ্ঠানিক আলাপচারিতার সময় সেই পারভেজের কথা তুলেই সঞ্চালক তামিমের কাছে তরুণদের নিয়ে জানতে চান।
এ সময় তামিম বলেন,”এক ম্যাচে বড় স্কোর করলে সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তরুণরা শতক করছে, এটা ভালো। কিন্তু পরের পর্যায়ে যেতে হলে তাদের ধারাবাহিক হতে হবে। পারভেজ যে শতক করেছে তা দুর্দান্ত, অবিশ্বাস্য। তার মেধা নিয়ে কোনো সন্দেহ নেই। সে দারুণ একজন খেলোয়াড়। একটু কঠোর হয়েই যদি বলি, যারা রান করেছে তাদের নিয়মিত রান করে যেতে হবে।’’
ধারাবাহিকতা রক্ষার জন্য তামিমের এই তাগিদ অবশ্য শুধু পারভেজের প্রতি নয়, সব খেলোয়াড়ের প্রতিই। এমনকি নিজেও পারফরম্যান্সের দিক থেকে হতে চান ধারাবাহিক। বরিশালের দলপতি বলেন,”একটি বড় ইনিংস খেলার পর টানা কয়েকবার ভালো ইনিংস খেলতে না পারলে ক্যারিয়ার এগোবে না। শতকের কয়েক ম্যাচ পর আরও একটি বড় ইনিংস খেলা মানে নিজেরও লাভ দলেরও লাভ। শুধু পারভেজের জন্য নয়, এটা আমিসহ সব খেলোয়াড়দের জন্যই প্রযোজ্য।’’
