জয় ছাড়া কিছুই ভাবছেনা রাজশাহী 

ডেস্ক রিপোর্ট »

আগামীকালের দুইটি ম্যাচ দিয়ে শেষ হবে বঙ্গবন্ধু টি-২০ কাপের লিগ পর্বের খেলা। ৪ দল প্লে অফ খেলবে। যেখানে ইতিমধ্যে ৩টি দল নিশ্চিত। রাজশাহী ও বরিশালের মধ্যে একদল প্লে অফে খেলতে পারবে। 

দুই দলে পয়েন্ট সমান ৭ ম্যাচে ৪। তবে রান রেটে এগিয়ে আছে রাজশাহী। তারা পরের ম্যাচে হারলেও একটি সুযোগ রয়েছে। সেক্ষেত্রে বরিশালেও হারতে হবে। তবে রাজশাহী আপাতত জয় ছাড়া আর কিছুই ভাবছেনা বলে জানিয়েছেন দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। 

 

 

তিনি বলেন,” প্রত্যেক ম্যাচের আগে পরিকল্পনা থাকে ভালো ক্রিকেট খেলার, ম্যাচ জেতার। দুর্ভাগ্য যে আমরা শেষের চার-পাঁচটা ম্যাচ ভালো ক্রিকেট খেলে কাছে গিয়ে হেরেছি। এটা ক্রিকেটে হয় আসলে। যেহেতু আমাদের সুযোগ আছে, জিতলেই প্লে-অফে যাব। লক্ষ্য থাকবে কালকের ম্যাচটা জেতার।”

 

রাজশাহীর কালকের ম্যাচ শক্তিশালী চট্টগ্রামের বিরুদ্ধে। তিনি তাদের হারাতে পারবেন বলে আশাবাদী। সাইফউদ্দিন বলেন, ‘চট্টগ্রাম নিঃসন্দেহে খুব ভালো খেলছে। ওরা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই দুর্দান্ত করছে। আমাদের ব্যাটসম্যানদের বাড়তি একটা আত্মবিশ্বাস আছে (সর্বশেষ ম্যাচে দলীয় স্কোর ২২০ রান)। বোলররা খারাপ করছে। ইনশাআল্লাহ তারাও ভালো করবে। খারাপের পর ভালো আসে, এটার জন্য আমি নিজেও অপেক্ষা করছি। ভালো কিছু হবে আশা করি।’

 

 

‘যারা তরুণ আছে বা সিনিয়র-জুনিয়র; হয়ত বড় তারকা নেই, তবে সবাই ভালো ক্রিকেট খেলছে। ছোট ছোট কিছু ভুলের কারণে হয়ত ম্যাচ থেকে বের হয়ে যাচ্ছি। শেষের ওভারগুলোতে যদি ছোটখাটো ভুল না করি তাহলে আমাদের পক্ষে জেতা সম্ভব।’— সাথে যোগ করেন।

 

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »