নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে উড়ন্ত শুরু করা বরিশালকে মাত্র ১৪৯ রানেই আটকে দেয় চট্টগ্রাম। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় গাজী গ্রুপ চট্টগ্রাম। এর ফলে ৭ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিজেদের করে রাখলো মোহাম্মদ মিঠুনের দল।
গতকালের ম্যাচে দুই বার জীবন পেয়ে ৭ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৬২ রানের নান্দনিক ইনিংস খেলেছেন চট্টগ্রামের ওপেনার সৌম্য সরকার। এমন ইনিংসের পর বাঁহাতি এই ব্যাটসম্যান জানিয়েছেন, তাঁর খেলা সহজ করে দিয়েছেন ওপেনিংয়ে নামা আরেক ব্যাটসম্যান সৈকত আলী।
এ প্রসঙ্গে সৌম্য বলেন,”আজকে ওপেনিংটা গুরুত্বপূর্ণ ছিল। জিনিসটা একটু সহজ হয়েছে সৈকত আলীর ভালো খেলার কারণে। সে খুব দ্রুত কিছু রান করেছে। আমার জন্য তাই খেলাটা সহজ হয়েছে।”
বরিশালের দেওয়া এমন মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে সৈকতকে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন সৌম্য। এই জুটি গড়ার পথে সৈকতের অবদান ৩৩ বলে ৩৯। ডানহাতি এই ব্যাটসম্যানের আক্রমণাত্মক ব্যাটিংই খেলা সহজ করে দিয়েছে সৌম্যর।
সৌম্যর ধারণা টুর্নামেন্টের এই মুহূর্তে ব্যাটসম্যানরা উইকেট থেকে বেশ ভালো সুবিধা পাচ্ছে। বিশেষ করে বোলাররা গতিতে বল করলে তাঁর ব্যাটসম্যানদের জন্য সহজ হয়ে যাচ্ছে।
উইকেট প্রসঙ্গে তিনি বলেন,”বলটা একটু ব্যাটে আসছে। বোলাররা যখন একটু জোরে বল করতে চাচ্ছে আমার মনে হয় এটা ব্যাটসম্যানদের জন্য সহজ হচ্ছে। বলটা আরও দ্রুত ব্যাটে আসছে। বলটা হিটিং জোনে থাকলে, একটু পেছনে পড়লে আমাদের জন্য খেলাটা আরও সহজ হচ্ছে। যারা স্লোয়ার করেছে আমার মনে হয় তারা ভালো বল করেছে।”
