আমি ছাড়া সবাই ভালো খেলেছে: মুশফিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরুটা মোটেও ভালো ছিল না বেক্সিমকো ঢাকার। প্রথম তিন ম্যাচ হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল মুশফিকের এই দলটি। তবে সর্বশেষ চার ম্যাচে কোন দলই হাঁরাতে পারেনি তাদের। নিজেদের সপ্তম ম্যাচে এসে গতকাল তারকাবহুল খুলনাকে ২০ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে মুশফিকুর রহিমের দল।

টসে হেরে ব্যাট করতে নেমে শুভসূচনা পায় ঢাকা। সাব্বিরের হাফ সেঞ্চুরির সঙ্গে নাইম এবং আল আমিন জুনিয়রের ৩০ পেরনো ইনিংস দলটির শক্ত সংগ্রহ গড়ে দেয়। শেষ দিকে আকবর আলির ঝড়ো ৩১ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রানের বড় পুঁজি পায় দলটি। বল হাতেও দুর্দান্ত পারফর্ম করেছেন ঢাকার বোলাররা।

রবিউলের ক্যারিয়ার সেরা ৫ উইকেটের সঙ্গে রুবেল হোসেন ও মুক্তার আলির ২ উইকেট এবং নাসুম আহম্মেদের ১ উইকেটের সুবাদে খুলনাকে ১৫৯ রানে গুটিয়ে দেয় তাঁরা। ফলে ২০ রানের জয় পেয়ে প্লে অফ নিশ্চিত করে ঢাকা। দলের জয়ে সকলে অবদান রাখলেও ব্যাট হাতে মাত্র ৩ রান করেছেন ঢাকার অধিনায়ক মুশফিক। ম্যাচ শেষে প্রেজেন্টেশনে তাই তাঁকে বাদে সকলকে কৃতিত্ব দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে মুশফিক বলেন,”আল আমিন তার প্রথম খেলায় অনেক ভালো ব্যাট করেছে। নাইমও ভালো শুরু করেছে এবং আকবরও শেষ দিকে বেশ কয়েকটি ভালো শট খেলেছে। যেটা খেলা অতটা সহজ ছিল না তারপরেও সে পেরেছে। সর্বোপরি ব্যাট হাতে অসাধারণ নৈপুন্য দেখিয়েছে সবাই শুধু আমি বাদে। কিন্তু বল হাতে সবাই দারুণ করেছে। বিশেষ করে খুলনার বিপক্ষে আপনি জানেন যে সেখানে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছে তাঁরা যেকোন সময় আপনার খেলাটা কেঁড়ে নেয়ার সামর্থ্য রাখে।”

গত চার ম্যাচে অসাধারণ খেলে অপ্রতিরোধ্য থেকেছে মুশফিকের দল। তাই ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিতেও ভোলেননি তিনি।

এ প্রসঙ্গে মুশফিক আরো বলেন,”প্রথমেই আলহামদুলিল্লাহ আমরা যেভাবে শুরু করেছিলাম এর চেয়ে আমরা ভালো করেছি। আমি মনে করি সকলেই তাঁর ক্যারেক্টার দেখিয়েছে, তাদের আত্মবিশ্বাস দেখিয়েছে এবং চাপের মুখে তাদের স্নায়ুর জোর দেখিয়েছে। আমরা কয়েকটি ম্যাচ হেরে যাওয়ার পর আমরা অপ্রতিরোধ্য থেকেছি। এর কৃতিত্ব টিম ম্যানেজমেন্টের। আমরা ক্রিকেটারদের সঙ্গে আলোচনা চালিয়ে গেছি এবং তাদেরকে নিজেদের মত খেলার স্বাধীনতা দিয়েছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »