নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম কয়েক ম্যাচে রান খরায় ভুগছিলেন ঢাকার ব্যাটসম্যান সাব্বির রহমান। তবে আজকের জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ৩৮ বলে ৫৬ রানের দুর্দান্ত এক ক্যামিও খেলেছেন সাব্বির। দিনশেষে ঢাকা ২০ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন সাব্বির রহমান।
ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্টকে কৃতজ্ঞতা জানাতে ভুলেননি সাব্বির। কোচ খালেদ মাহমুদ সুজন এবং অধিনায়ক মুশফিকুর রহিমকেও ধন্যবাদ জানিয়েছেন সাব্বির। সাব্বির একজন টপ অর্ডার ব্যাটসম্যান হলেও গত দুই ম্যাচে তাকে ওপেনিংয়ে খেলাচ্ছে ঢাকা। এই পজিশনেই এবার সফল হলেন সাব্বির। তাই তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন,”আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আল্লাহকে। ম্যানেজমেন্টকেও ধন্যবাদ। কোচ ও অধিনায়ককেও ধন্যবাদ আমাকে ভরসা করেছে এই জায়গাটায় খেলার সুযোগ দেয়ার জন্য। ইনশাল্লাহ চেষ্টা করেছি নিজের খেলার জন্য এবং নিজের দায়িত্ব পালন করার জন্য। ওইটাই আমার টার্গেট ছিলো।”
তবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শুরুটা মোটেও সুখকর ছিলনা সাব্বিরের। এর আগে ৩ ম্যাচ খেলে সাব্বিরের ব্যাট থেকে এসেছে মাত্র ১২ রান। এরপর এমন পারফরম্যান্সের কারণে তিন ম্যাচে তাঁকে একাদশের বাইরে রেখেছিল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বেক্সিমকো ঢাকা। বিরতির পরে ফিরেও সুবিধা করতে পারছিলেন না সাব্বির।
যদিও খুলনার বিপক্ষে রানে ফিরেছেন তিনি। সাব্বির জানিয়েছেন, সাকিব আল হাসানের এক ওভারে ২৬ রান নিয়ে তাঁর খেলাটা সহজ করে দিয়েছেন নাঈম শেখ। এরপর আকবরও আক্রমণাত্মক ব্যাটিং করেছে বলে তিনি মনে করেন।
সাব্বির বলেন,”সত্য কথা বলতে নাঈম যে সময় খেলেছে এটা অনেক ভালো মোমেন্টাম ছিলো আমাদের জন্য। একটা ওভারে বড় বোলারকে যদি আমরা বেশি রান নিতে পারি যখন আমি নন স্ট্রাইকিংয়ে আছি এটা অনেক বড় মোমেন্টাম তৈরি করে আমাদের জন্য। একই সঙ্গে বলবো ১০ ওভার পরে আকবর যে মোমেন্টাম তৈরি করেছে তা বড় একটা এচিভমেন্ট আমাদের জন্য এবং কনফিডেন্স বিল্ড আপ করেছে পুরো দলের জন্য।”
