খুলনাকে হারিয়ে টানা চার জয়ে প্লে অফে ঢাকা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জেমকন খুলনাকে ২০ রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শেষ চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্টস টেবিলের দুইয়ে উঠে এলো বেক্সিমকো ঢাকা। সেই সাথে প্লে অফের জন্য কোয়ালিফাই করলো মুশফিকুর রহিমের দল।

১৮০ রানের বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জেমকন খুলনা। এদিনও ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। ৭ বলে ৮ রান করে আবারো বিলিয়ে দেন নিজের উইকেট। একপ্রান্ত আগলে রেখে মারমুখী হয়ে খেলতে থাকেন জহুরুল ইসলাম। অধিনায়ক মাহমুদুল্লাহ ভীত গড়ার চেষ্টা করলেও রান রেটের চাপে ২৬ বলে ২৩ রান করে আউট হন তিনিও।

জহুরুল ৩৬ বলে ৫৩ রানের ইনিংস খেলার পরেও মাত্র ৯৫ রানে ৬ উইকেট হারালে জয়ের আশা শেষ হয়ে যায় খুলনার। শামিম হাসান ৯ বলে ২৪ রানের ক্যামিও খেললেও স্বীকৃত ব্যাটসম্যান না থাকায় শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে ১৫৯ রানেই শেষ হয় খুলনার ইনিংস। ঢাকার পক্ষে রবিউল ২৭ রানে নেন ৫ উইকেট। রুবেল ও মুক্তার আলী নেন দু’টি করে উইকেট।

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নাঈম শেখ ও সাব্বির রহমানের ঝড়ো শুরুতে দারুন সূচনা করে ঢাকা। নাঈম ৫ ছক্কায় ১৭ বলে ৩৬ রানে ফিরলেও সাব্বির তুলে নেন টুর্নামেন্টের প্রথম অর্ধশতক। ৩৮ বলে ৫৬ রান করেন সাব্বির। এছাড়া আল আমিন জুনিয়রের ২৫ বলে ৩৬ ও আকবর আলীর ৪ ছক্কা ও ১ চারে ১৪ বলে ৩১ রানে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে বেক্সিমকো ঢাকা। খুলনার লক্ষে শহিদুল ৩১ রানে ২ ও মাশরাফি ২৬ রানে নেন ১ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »