নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী বছর শ্রীলংকা সফরে যাচ্ছে ইংল্যান্ড, সিরিজ নিশ্চিত হয়েছিলো আগেই , এবার চূড়ান্ত হলো সেই সিরিজের সময়সূচী। ২০২০ সালের মার্চে এই সিরিজটি হওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে যায় সিরিজ। শ্রীলংকা সফরে গিয়ে দুটি টেস্ট ম্যাচ খেলবে ইংলিশরা।
২০২০ সালের মার্চ মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ইংল্যান্ড। অনুশীলন ম্যাচও খেলেছিল ইংলিশরা, তবে করোনাভাইরাসের প্রকোপের কারণে মূল সিরিজ শুরুর আগেই দেশে ফিরে যায় তারা। ঝুলে থাকে সিরিজটি। শোনা যাচ্ছিলো এই সিরিজে পিছিয়ে যাবে ২০২১ সালের জানুয়ারিতে। শেষ পর্যন্ত সেটিই চূড়ান্ত হলো।
শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার উদ্দেশে যাবে ইংল্যান্ড। লন্ডন থেকে যাত্রা করে তারা দ্বীপ দেশটিতে পৌঁছাবে ২ জানুয়ারি। চার্টার্ড ফ্লাইটে করে হাম্বানটোটায় অবতরণ করবেন তারা। শ্রীলঙ্কায় পৌঁছানোর পরে ইংলিশ ক্রিকেটারদের কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা নেই, তবে তাদের কোভিড-১৯ পরীক্ষা করানো হবে।
করোনা পরীক্ষার পরে ৫ জানুয়ারি থেকেই অনুশীলনের সুযোগ পাবেন ইংলিশরা।ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে জানুয়ারির ৩য় সপ্তাহে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত এই সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৪ জানুয়ারি। এবং সিরিজের পরের ম্যাচটি শুরু হবে ২২ জানুয়ারি। দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে গলে।
