নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পারভেজ ইমনের সেঞ্চুরিতে রাজশাহীর গড়া রানের পাহাড় টপকে জিতেছে ফরচুন বরিশাল। এই জয়ে টুর্নামেন্টের আশা এখনো টিকিয়ে রেখেছে বরিশাল। মূলত ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতেই ম্যাচটা জিতে বরিশাল, ইমনের দুর্দান্ত ব্যাটিংয়ে খুশি হয়ে তাকে একটি ব্যাট উপহার দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ও বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশি ক্রিকেটার চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। গত মঙ্গলবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ৪২ বলে শতক করেন পারভেজ, যা দেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ও কনিষ্ঠতম। পারভেজের ইনিংসে ভর করে তামিমরা পেয়েছে রেকর্ড জয়। মিরপুরে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নিজেদের করে নিয়েছেন ফরচুন বরিশাল।
পারভেজের তাই যেন একটি উপহার পাওনা ছিল। পরের ম্যাচে মাঠে নামার আগেই পারভেজ অবশ্য দামি এক উপহার পেয়ে গেছেন তামিমের কাছ থেকে। আর তা খোদ তামিমেরই ব্যাট। নিজের আইডলের আন্তরিকতায় আপ্লুত পারভেজ বিষয়টি জানিয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেইজে পোস্টের মাধ্যমে।
তামিমের উপহার দেওয়া ব্যাটের ছবি সংযুক্ত করে পারভেজ লিখেন, ‘আমার আইডল, আমার অধিনায়কের কাছ থেকে পাওয়া একটি উপহার। ধন্যবাদ তামিম ইকবাল ভাই।’
এই ম্যাচে শুধু পারভেজ ইমন নয় দুর্দান্ত ব্যাটিং করেছেন অধিনায়ক তামিম ইকবালও। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ৫৩ রান করে দলকে এনে দিয়েছিলেন দুর্দান্ত এক সূচনা। ইমনের সাথে দ্বিতীয় উইকেটে গড়েছিলেন ১১৭ রানের পার্টনাশিপ , যা দলের জয়ের ভীত শক্ত করে দেয়।
নিউজ ক্রিকেট/ সুফিয়ান।
