নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সবকিছু পেছনে ফেলে দারুণ ছন্দে আছেন রাজশাহী দলের নাজমুল হোসেন শান্ত। তরুণ এই ওপেনার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাজশাহীকে নেতৃত্ব দিচ্ছেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দলের হয়ে করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তবে তার দল জিতেনি বলে তার কাছে সেঞ্চুরির কোন মূল্যই নেই।
টসে হেরে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন আনিসুল ইসলাম ইমন। শুরুতে দেখেশুনেই খেলছিলেন শান্ত। ইমন সাজঘরে ফেরার পর শান্ত ব্যাট হাতে হয়ে উঠেন অশান্ত।
১১ ছক্কা ও ৪টি চারে ১০৯ রান করেন মাত্র ৫৫ বলের বিনিময়ে। তার এই ঝড়ো ইনিংসে ভর করে রাজশাহী রানের পাহাড় গড়ে। কিন্তু পারভেজ হোসেন ইমনের ফিরতি সেঞ্চুরি ম্লান করে দেয় শান্তকে। অনেকগুলো রেকর্ডের ম্যাচে শান্তর সেঞ্চুরি তাই তার নিজের কাছেই মূল্য পাচ্ছে না।
ম্যাচ শেষে আক্ষেপ নিয়ে শান্ত বলেন,’‘সেঞ্চুরি করেও হেরে গেলে সেঞ্চুরির কোনো মূল্য থাকে না। সেঞ্চুরির জায়গায় ৭০-৮০ রান করে ম্যাচ জিতলে বরং ভালো লাগত। বোলিংয়ে আমরা ওদের শক্তির জায়গায় বল করেছি। আমরা আমাদের পরিকল্পনা ঠিকমত কাজে লাগাতে পারিনি।’’
চলতি টুর্নামেন্টে দেখা যাচ্ছে টস জিতে প্রথমেই ফিল্ডিং করার হিড়িক। যথারীতি তামিমও টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন শান্তদের। তিনিও হয়ত ভাবেননি, ম্যাচ এত হাই স্কোরিং হবে।
শান্ত বলেন,”উইকেট ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। নতুন কিছু বোলারদের সাহায্য ছিল কিছুটা। কিন্তু বল পুরোনো হলে তেমন কিছু ছিল না। পারভেজ ভালো খেলেছে। তামিম ভাই ভালো খেলেছেন। পারভেজ শর্ট বলে খুব ভালো।’’
