নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা সময় কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে আবারো ক্রিকেট মাঠে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খুলনার হয়ে ৭টি ম্যাচে খেললেও অলরাউন্ডার সাকিবকে খুঁজে পায়নি তাঁর ভক্ত-সমর্থকরা। টুর্নামেন্টের সবচেয়ে কম রান দিয়ে বোলিং করা সাথে বল হাতে ৫ উইকেট নিলেও ব্যাট হাতে একদম ব্যর্থ সাকিব।
চলতি টুর্নামেন্টে সাকিব ৭ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন মাত্র ৭৪ রান। যেখানে তাঁর সর্বোচ্চ রান ১৫। অনেক চেষ্টা করে যাচ্ছেন তবে ব্যাট হাঁতে সফলতা পাচ্ছেন না কোথাও। তবুও থেমে নেই সাকিবের রানে ফেরার চেষ্টা। খারাপ সময় কাটিয়ে শুধু রানই করে যেতে চান তিনি। এমনটাই জানিয়েছেন খুলনার কোচ মিজানুর রহমান বাবুল।
সাংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন,”যদি ব্যাটিং বলেন এখন পর্যন্ত সাকিব তাঁর ব্যাটিংটা করতে পারছে না। চেষ্টা করছে কোন সন্দেহ নেই। আমি কাছ থেকে দেখছি ও অনেক চেষ্টা করছে। খেলোয়াড়দের এরকম সময় আসে। যে অনেক কিছু করতে চায় । কিন্তু সাকিব অনেক কিছু করতে চাচ্ছেনা ও শুধু রানই করতে চাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে হয়তো সে কিছুটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।”
গেল দিন (৮ নভেম্বর) চট্টগ্রামের বিপক্ষে ৩ উইকেটে হেরেছে খুলনা। তারকা সমৃদ্ধ দল নিয়েও আগে ব্যাটিং করে মাত্র ১৫৭ রান সংগ্রহ করে দলটি। যদিও বোলারদের কৃতিত্বে শেষ ওভারের নাটকিয়তায় ম্যাচ জিতে যায় চট্টগ্রাম। তাই বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ে আরো উন্নতির প্রয়োজন অনুভব করছেন মিজানুর রহমান। পরে বোলারদেরও কৃতিত্ব দিতে ভোলেননি তিনি।
এ প্রসঙ্গে মিজানুর বলেন,”কালকের ম্যাচে ব্যাটিংটা আরেকটু ভালো করতে হত। এর আগের ম্যাচে অনেক রান হইছে। হয়তো ১৭০-৮০ হইলে আমরা আরামে জিততে পারতাম। কিন্তু ওই উইকেটে এত কম রানের মধ্যেও আমাদের ছেলেরা জেতার জন্য ভালো লড়াই করছে। শেষ ওভারে হেরে গেছি আমরা কিন্তু দলটা খুব ভালো ছিলো। দলের সামর্থ্যও খুব ভালো ছিলো কিন্তু আমরা জিততে পারি নাই। বোলিং টা নিয়ে চিন্তিত না আমি, ব্যাটিং টা নিয়েই চিন্তিত। বোলিং তো বললাম আপনাদের খুব ভালো উইকেটের মধ্যেও যে আমরা ১৫০ ডিফেন্ড করার চেষ্টা করেছি। এই রানেও যে আমরা শেষ বল পর্যন্ত খেলায় ছিলাম। এটা বোলারদেরই কৃতিত্ব বলবো আমি।
