ডেস্ক রিপোর্ট »
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারী ভারত। দ্বিতীয় টি-টুয়েন্টিতে একাই ভারতকে জেতানোর পাশাপাশি পুরো সিরিজে হার্দিক পান্ডিয়া ছিলেন দুর্দান্ত। তারই ফলশ্রুতিতে সধ্য শেষ হওয়া টি-টুয়েন্টি সিরিজে সিরিজ সেরা নির্বাচিত হন হার্দিক। আয়োজকদের চোখে পান্ডিয়া সিরিজ সেরা হলেও পান্ডিয়ার চোখে সিরিজ সেরা দলের নতুন মুখ থাঙ্গারাসু নাটরাজন।
আর তাই নিজের সিরিজ সেরা পুরস্কার ট্রফিটি নাটরাজনের হাতে তুলে দিয়ে পান্ডিয়া বলেন “তুমিই এটার যোগ্য ভাই”।
ভারতের হয়ে এই সিরিজ দিয়ে অভিষেক হয় থাঙ্গারাসু নাটরাজনের। নিজের অভিষেক সফরে বল হাতে ছিলেন অপ্রতিরোধ্য। পুরো সিরিজে বল হাতে নিয়েছেন ৬ উইকেট। বোলিং দুর্দান্ত ভেরিয়েশন ও অসাধারণ সব ইয়োর্কার ডেলিভারির জন্য বেশ সুনামও কুড়িয়েছেন। পান্ডিয়ার পাশাপাশি ২৯ বছর বয়সী এই পেসারকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন অধিনায়ক বিরাট কোহলীও।
নিজের সিরিজ সেরার ট্রফি নাটরাজনের হাতে তুলে দিয়ে সেই ছবি টুইটারে পোস্ট করে পান্ডিয়া লিখেন:
নাটরাজন, এই সিরিজে অসাধারণ ছিলে তুমি। ভারতের হয়ে অভিষেকেই কঠিন কন্ডিশনে এভাবে পারফর্ম করাই ফুটিয়ে তুলছে তোমার প্রতিভার ও পরিশ্রমের মাত্রা। আমার দিক থেকে ম্যান অব দা সিরিজ তোমারই প্রাপ্য ভাই। ভারতীয় দলকে অভিনন্দন সিরিজ জয়ের জন্য।
নিউজক্রিকেট/ ইফতি
