শেখ মুজিবুর রহমান হুইলচেয়ার স্পোর্টস কার্নিভাল ২০২০ অনুষ্ঠিত-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের আয়োজনে ৫ ডিসেম্বর ২০২০ মস্তুলের নাহিয়ানস স্পোর্টসপ্লেক্সে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হলো ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হুইলচেয়ার স্পোর্টস কার্নিভাল ২০২০’।

এই কার্নিভালে সারা বাংলাদেশ থেকে ২৫ জন হুইলচেয়ার অ্যাথলেট হুইলচেয়ার ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ, হুইলচেয়ার ডার্টস চ্যাম্পিয়নশীপ ও ইনডোর হুইলচেয়ার ক্রিকেট চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন হয় জাতীয় সংগীতের মাধ্যমে।

কার্নিভালের হুইলচেয়ার ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে অংশ নেয়া ১৬ জন হুইলচেয়ার অ্যাথলেটের মধ্যে বিজয়ী হন পাবনার ওলীউল্লাহ ওলী এবং রানার আপ হন খুলনার রবিন গাইন। হুইলচেয়ার ডার্টস চ্যাম্পিয়নশীপের ২৪ জন হুইলচেয়ার অ্যাথলেটের মধ্যে বিজয়ী হন রাজশাহীর জাহিদুল ইসলাম এবং রানার আপ হন রবি হাসদা। ইনডোর হুইলচেয়ার ক্রিকেট চ্যাম্পিয়নশীপে সবুজ, লাল ও নীল দলের হয়ে ৮ জন করে হুইলচেয়ার অ্যাথলেট অংশগ্রহণ করেন। সবুজ দলের নেতৃত্ব দেন ঢাকার মো. রাজন হোসাইন, লাল দলের নেতৃত্ব দেন সিলেটের জাবেদ আহমেদ এবং নীল দলের নেতৃত্ব দেন ময়মনসিংহের নূর নাহিয়ান।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সবুজ দল ৪ উইকেটে লাল দলকে পরাজিত করে, দ্বিতীয় ম্যাচেও সবুজ দল নীল দলকে ৪ উইকেটে পরাজিত করে এবং তৃতীয় ম্যাচে নীল দল লাল দলকে ২৪ রানে পরাজিত করে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সবুজ দল ও নীল দল। ম্যাচের প্রথম ইনিংসে সবুজ দলের রবিনের অপরাজিত ৩০ রান ও হামিদুলের ১২ রানের ওপর নির্ভর করে ২ উইকেটে সংগ্রহ করে ৬১ রান। নীল দলের অধিনায়ক নূর নাহিয়ানের অপরাজিত ৩১ রান ও তানভিরের অপরাজিত ২৩ রানের ইনিংসে ৫ উইকেট হাতে রেখেই ইনডোর হুইলচেয়ার ক্রিকেট চ্যাম্পিয়নশীপের শিরোপা অর্জন করে নীল দল।

টুর্নামেন্ট সেরা হন নীল দলের অধিনায়ক নূর নাহিয়ান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল, ডেইলি ক্রিকেট ডট কম ডট বিডির প্রতিষ্ঠাতা ও সিইও রবিউল আলম, বাংলা একাডেমির উপপরিচালক ড. আমিনুর রহমান সুলতান, নাট্য ব্যক্তিত্ব আশিক আজিজ এবং লেখিকা সাহেলী তাসিমা ফিরদৌস। এ সময় ডেইলি ক্রিকেট ডট কম ডট বিডির প্রতিষ্ঠাতা ও সিইও রবিউল আলম বলেন, “ভবিষ্যতেও তারা এ সকল আয়োজনের সাথে যুক্ত থাকবেন।” আবদুস সাত্তার দুলাল বলেন, “সাকিবদের যেমন সকলেই প্রমোট করছেন তেমনি যদি নাহিয়ানদের পাশে সবাই দাঁড়ান তাহলে হুইলচেয়ার অ্যাথলেট ও হুইলচেয়ার স্পোর্টসও এগিয়ে যাবে।”

এ সময় সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন বাউলশিল্পী কাঙালিনী সুফিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম সুইট।
এ কার্নিভালে স্পন্সর হিসেবে যুক্ত ছিল অমিত্রাক্ষর- ছোট কাগজ, আস্থা আইটি রিসার্চ ও কনসালটেন্সি লিমিটেড এবং ডেইলি ক্রিকেট ডট কম ডট বিডি। অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল ডেইলি ক্রিকেট ডট কম ডট বিডি। উল্লেখ্য, বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন হুইলচেয়ার স্পোর্টস নিয়ে কাজ করে আসছে ২০১৮ সালের ২৭ এপ্রিল থেকে। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২০ অর্জন করেন প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন ক্যাটাগরিতে।

নিউজক্রিকেট/ জাকির মামুন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »