নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত বছরই সবধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক জোহান বোথা। সেই সময়ে হোবার্ট হ্যারিকেনসের হয়ে বিগ ব্যাশে মাঠে নেমেছিলেন তিনি। সিডনির বিপক্ষে ম্যাচে পরাজয়ের পর হুট করেই ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।
তবে আশার কথা প্রায় এক বছর পর আবারও ২২ গজের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তিনি। চলতি বিগ ব্যাশ মৌসুমেও হ্যারিকেনসের হয়ে খেলবেন তিনি। এই আসরে অস্ট্রেলিয়ার স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলবেন এই স্পিনার। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পান এই স্পিনার।
ফিটনেস ঠিকঠাক রাখতে না পারার কারণেই ক্রিকেট থেকে অবসরে গিয়েছিলেন বোথা। তবে এখন এসে নিজেকে আগের মতো ফিট ভাবছেন তিনি। তিনি মনে করেন, ক্রিকেটার হিসেবে তাঁর আরও অনেক কিছু দেয়ার আছে। যে কারণেই অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন তিনি।
এ প্রসঙ্গে বোথা বলেন,”আমি মনে করি যে আমি এখনও আগের মতো ফিট আছি এবং এখনও দলে্র হয়ে অবদান রাখতে পারি। আমি খেলা থেকে দূরে ছিলাম তবে আমি সত্যিই খেলাটি ছাড়তে চাইনি এবং বলার অপেক্ষা রাখে না যে আমি চাইছিলাম আমাকে কেউ বেছে নিক। অ্যাডিলেডে যখন আমরা এটা নিয়ে প্রথম কথা বললাম এই বিষয়টি গোপন রেখেছিলাম। সেখান থেকেই এটা ধীরে ধীরে এই পর্যায়ে এসেছে।’’
এর আগে ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে সর্বমোট প্রোটিয়াদের হয়ে ২১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বোথা। যার ১৬টিতেই জিতেছিল আফ্রিকা। এছাড়া দেশের জার্সিতে ৭৮টি ওয়ানডে এবং ৪০টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।
