টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন স্টার্ক-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারতের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে আর মাঠে নামা হচ্ছে না মিচেল স্টার্কের। পারিবারিক কারণের জন্যই টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন এই পেসার। মূলত স্টার্কের পরিবারের সদস্য অসুস্থ হওয়ার পরেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।

গতকাল শনিবার অনুশীলনের সময়ে মাঠ থেকে সরাসরি বাড়িতে ফিরে গিয়েছেন স্টার্ক। দল ও ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে সান্ত্বনা দেয় এবং তার সাথেই আছে বলে আশ্বস্ত করে তাকে। স্টার্কের ফিরে যাওয়ার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, পরিবারের চেয়ে বড় আর কিছু নেই।

ল্যাঙ্গারের ভাষায়,”পৃথিবীতে পরিবারের চেয়ে বড় আর কিছু নেই এবং মিচও (স্টার্ক) এক্ষেত্রে ব্যতিক্রম নন। আমরা মিচকে যথেষ্ট সময় দিয়েছি, তার যতটা সময় সেখানে লাগে। তারপর সে আবার দলে ফিরে আসবে যখন সে মনে করবে এখন সে ও তার পরিবার ঠিক আছে।’’

চলতি ভারত সিরিজের সময়টা স্টার্কের খুব একটা ভালো কাটছে না৷ বল হাতে খরচ করছেন অতিরিক্ত রান কিন্তু সে তুলনায় উইকেট তুলে নিতে পারছেন না তিনি। নিজের চেনা রূপ এখনো দেখাতে পারেননি তিনি।

স্টার্ক পারিবারিক কারণে সরে গেলেও চোটের কারণে বেশ কয়েকজন ক্রিকেটারকে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে মার্কাস স্টয়নিস এরপর দ্বিতীয় ডেভিড ওয়ার্নার ছিটকে গিয়েছিলেন দল থেকে। এছাড়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে চোট পেয়ে ম্যাচটি মিস করেন অ্যাস্টন অ্যাগার।

অস্ট্রেলিয়া দলে ওয়ার্নারের বদলে ডার্সি শট, অ্যাগার খেলতে না পারার নাথান লায়ন যুক্ত হয়েছেন স্কোয়ার্ডে।অপরদিকে, স্টয়নিস বাদ পড়ায় একাদশে সুযোগ পেয়েই তা দারুণভাবে কাজে লাগিয়েছেন ময়জেজ হেনরিকস। এছাড়া ভারতের রবীন্দ্র জাদেজাও প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চোট পেয়ে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »