ডেস্ক রিপোর্ট »
শুক্রবার থেকে মাঠে গড়ানোর কথা ছিল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে ম্যাচ। কিন্তু বৃহস্পতিবার করোনা পরীক্ষা করা হলে আফ্রিকার একজন খেলোয়াড়ের দেহে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তবে আশার বিষয় হলো সর্বশেষ করোনা পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের সকল সদস্য। এরই মধ্যে দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে বিগত ২৪ ঘন্টার সকল জল্পনাকল্পনার অবসান ঘটেছে।
ভেন্যু পরিবর্তিত হয়ে শুক্রবারে অনুষ্ঠিত হতে যাওয়া স্থগিত ১ম ওয়ানডে পার্লে অনুষ্ঠিত হবে আজ (রবিবার)। বৃহস্পতিবার যখন করোনা পরীক্ষায় পজিটিভ হন একজন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়। তখন সফর বাতিল এর পরিস্থিতি তৈরি হলে দুই দলের সমঝোতায় রবিবার পর্যন্ত সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
এরপর শুক্রবার আরেক দফায় করোনা পরীক্ষা করা হয়েছিলো দক্ষিণ আফ্রিকা দলের সকল খেলোয়াড়দের। সেই পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে সকলের। যার ফলে কেটে গিয়েছে শঙ্কার কালো মেঘ।
তবে নতুন সূচি অনুযায়ী পরপর দুই দিন মাঠে নামতে হবে এই দুই দলকে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় দুই দল সমঝোতায় পৌছেছে। ভেন্যু পরিবর্তিত হয়ে পার্লে সরিয়ে নেয়া হয়েছে প্রথম ওয়ানডের ম্যাচ। কিন্তু কেপটাউন থাকছে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডের ভেন্যু। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী বুধবার।
দুই দলই চাইবে জয় দিয়ে সিরিজ শুরু করতে। ওয়ানডে সিরিজে দলের অন্যতম দুই কাণ্ডারি ফাফ ডু প্লেসি ও কাগিসো রাবাদার অনুপস্থিতি দক্ষিণ আফ্রিকা দলকে কিছুটা হলেও ভোগাতে পারে। তবে তারা তাকিয়ে থাকবে তরুণদের পারফরম্যান্স এর দিকে। নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত সিরিজের ফলাফলের পুনরাবৃত্তি চাইবে। যেখানে তারা সফরকারী দলকে ৩-০ তে ধবল্ধোলাই করেছিলো।
