ডেস্ক রিপোর্ট »
রাজশাহী দলে নেই কোন বড় তারকা, তাই রাজশাহীর সব আলোই ছিল মোহাম্মদ আশরাফুলের উপর। এই দলে আশরাফুল থাকায় ভক্ত সমর্থকদের সমর্থনও পাচ্ছিল এই দলটি। কিন্তু আশা জাগালেও ব্যাট হাতে রান খরায় রয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
সমর্থকদের পাশাপাশি, আশরাফুলের প্রতি ভরসা বেশি ছিল তার দলেরও। ব্যাট হাতে জ্বলে উঠতে না পারায় তাই কিছুটা হতাশাই ধরা পড়ল মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যানেজার ও সাবেক ক্রিকেটার হান্নান সরকারের কণ্ঠে।
আশরাফুলের পারফরম্যান্স নিয়ে হান্নান বলেন,”সবার মধ্যে কিছুটা হতাশা কাজ করছে। আসলে আমরা যেভাবে চিন্তা করেছিলাম বা যেভাবে আশা করেছিলাম সেটা পূরণ করতে পারেনি, অবশ্যই। কিন্তু আশরাফুল আসলে একটু চাপেও ছিল।’’
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর আর জাতীয় দলে খেলা হয়নি। ক্যারিয়ারে অন্তত আরও একবার জাতীয় দলে খেলতে চাওয়া আশরাফুল নিজের আর সমর্থকদের চাওয়া পূরণ করতে গিয়েই পড়ছেন চাপে, এমন ধারণা অনেকের।
হানান্নেরও ধারণা,”চাপেই আশরাফুল স্বাচ্ছন্দ্যে খেলতে পারছেন না। তিনি বলেন, ‘হয়ত তার স্বাভাবিক ব্যাটিং বা ঐ প্রক্রিয়ার মধ্যে তার কাজটা করতে পারেনি। এটা অবশ্যই কিছুটা হতাশার বিষয় ছিল। কিন্তু ক্রিকেট আমরা যেহেতু খেলেছি, আমরা জানি, চাপে থাকলে অনেক সময় এমন পরিস্থিতির মোকাবেলা করতে হয়; সেটাই হয়েছে। সে তো এখনো ক্রিকেট খেলছে এবং ভবিষ্যতও রয়েছে। তার চিন্তা করছে সে, তার জায়গা থেকে চেষ্টা করেই যাবে।’’
