মুস্তাফিজের সঙ্গে বোলিং উপভোগ করছেন শরিফুল-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজরকাড়া বোলিং করে সকলের নজর কেড়েছিলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। সম্প্রতি শেষ হওয়া প্রেসিডেন্টস কাপে ভালো করার পর চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতেও আস্থার প্রতিদান দিয়ে চলেছেন তিনি।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তিনি খেলছেন গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে। তার দলে সতীর্থ হিসেবে পেয়েছেন আরেক বাঁহাতি পেস বোলার মুস্তাফিজুর রহমানকে। চলতি এই টুর্নামেন্টে চট্টগ্রামের হয়ে দুজনই দারুণ বল করে চলেছেন।

তিনি জানিয়েছেন, কাটার মাস্টারের সঙ্গে জুটি বেঁধে বোলিং উপভোগ করছেন তিনি।
সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে শরিফুল বলেন,”মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে বল করে খুবই উপভোগ করছি। সবসময়ই প্রতি ওভারে বলে যাওয়ার আগে ভালো পরামর্শ দিয়ে থাকে বা ম্যাচের পরে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কিভাবে বল করতে পারি। দুইজনের মধ্যেই ভালো একটা লড়াই চলছে। ওনাকে সব কিছু বলা যায়। উনিও সবকিছু বলে পরিস্থিতি অনুযায়ী কিভাবে বল করতে হবে খুব ভালো লাগে খুব মজা লাগে ওনার সাথে বল করতে।”

বল করে ডেলিভারির পরে ব্যাটসম্যনের কাছে চলে যেতে দেখা যায় শরিফুলকে। দূর থেকে দেখে ব্যাটসম্যানকে স্লেজিং করছেন বলে মনে হলেও ছোট বেলা থেকেই শরিফুল এমনটা করে আসছেন। তাঁর এই আক্রমণাত্বক মনোভাব টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন তিনি। এমনকি মুস্তাফিজ থাকার পরও নতুন বলে বোলিং করাটাও উপভোগ করছেন তরুণ এই পেসার।

এ প্রসঙ্গে শরিফুল আরো বলেন,”আক্রমণাত্বক ভঙ্গিটি ইতিবাচক প্রভাব ফেলে আর এটা অভ্যাস। ছোট বেলা থেকই বোলিং করে স্বয়ংক্রিয়ভাবেই চলে যাই ব্যাটসম্যানের কাছে। এটার আগে থেকে কোন প্লানিং থাকে না। নতুন বলে বল করা খুবই উপভোগ করছি কারন সব পেস বোলাররাই চায় নতুন বলে বল করতে। আর পেস বোলাররা আক্রমণাত্বক বোলিং করতে পছন্দ করেন। তাই আমিও নতুন বলে বোলিং করাটা উপভোগ করছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »