ডেস্ক রিপোর্ট »
চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে পিঠের ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার শফিউল ইসলাম। যার ফলে এই টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না তাঁর। আর তাই শফিউলের বদলি হিসেবে জেমকন খুলনার দলে ডাক পড়েছে আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদের।
আজ শনিবার (৫ ডিসেম্বর) দলটির অনুশীলনে যোগ দিয়েছেন খালেদ আহমেদ।
এর আগে শফিউলের বদলি হিসেবে খালেদকে দলে নেয়ার বিষয়টি বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন খুলনা দলের ম্যানেজার নাফিস ইকবাল।
গেল ২৬ নভেম্বর মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে খেলার সময় পিঠে চোট পান শফিউল। এরপর টিম ম্যানেজমেন্ট ও ফিজিও তাঁকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখেন। পরে জানা যায় এই টুর্নামেন্টে আর খেলতে পারবেন না তিনি।
চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দুই ম্যাচ খেলে দুই উইকেট নিয়েছেন শফিউল। খুলনার দলে যোগ দেয়ার আগে খালেদের করোনা পরীক্ষা করা হয়েছে। নেগেটিভ প্রমাণিত হয়েই তিনি খুলনার অনুশীলনে যোগ দিয়েছেন।
