ডেস্ক রিপোর্ট »
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জয় দিয়ে শুভ সূচনা করলেও মাঝ পথে এসে খেই হারিয়ে ফেলেছিল খুলনা। পরবর্তীতে টানা দুই ম্যাচ জয় দিয়ে সর্বমোট ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের এই দল। গতকাল শুক্রবার বরিশালের বিপক্ষে ৪৮ রানে জয় পাওয়া ম্যাচে ৬৩ রান করেছেন জাকির হাসান। তবুও দিনশেষে ৩৭ রান করা ইমরুল কায়েসের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
চলতি বঙ্গবন্ধু কাপে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি ইমরুল কায়েসের। প্রথম দুই ম্যাচে ব্যাট করতে নেমে দুটোতেই ফিরেছেন শূন্য রানে। এরপর ব্যাটিং অর্ডার পরিবর্তন করে ছন্দে ফিরেছেন। ২১, ২৯ এর পর গতকাল বরিশালের বিপক্ষে ৩৭ রান করেন তিনি। জাকিরের সমান খুব বড় স্কোর না করলেও রিয়াদের চোখে ইমরুলের ইনিংসটি প্রশংসার দাবি রাখে।
ম্যাচ শেষে অধিনায়ক রিয়াদ জানান,’‘আমি মনে করি ইমরুলের অভিজ্ঞতা আমাদের বাড়তি পাওয়া। এই (ইমরুল-জাকির) পার্টনারশিপে সে খুব ভালো স্ট্রাইক রোটেট করে খেলেছে। এজন্য জাকির হাত খুলে খেলতে পেরেছে। আমাদের জন্য এটা খুব ভালো একটা পার্টনারশিপ ছিল। যে জন্য আমরা শেষ দিকে উইকেট হাতে রেখে বড় শটস খেলার সুবিধাটা নিতে পেরেছি।’’
জাকিরকে খেলাতে এনামুল হক বিজয়কে একাদশের বাইরে রাখে খুলনা। কারণ বিজয়কে পুরনো ফর্মে ফেরাতেই বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান রিয়াদ। তিনি এ বিষয়ে বলেন,”শেষ কয়েকদিন ধরে সে (জাকির) নেটে খুব ভালো ব্যাটিং করছিল। তো আমি চিন্তা করলাম এনামুলকে একটু বিশ্রাম দেই, যাতে সে আবারো পুরনো ফর্মে ফিরে আসতে পারে। জাকির সেই সুযোগটাই নিয়েছে এবং দুর্দান্ত একটি ইনিংস খেলেছে এই ধরণের পরিবেশে। এটা বোলারদের জন্য উপযুক্ত ছিল। কিন্তু সে কার্যকরী একটি ইনিংস খেলেছে। আমি মনে করে সবদিক দিয়েই এটি একটি অসাধারণ জয় ছিল। এটাতে খুব ভালো দলীয় সমন্বয় ছিল। এটা দেখে খুবই সন্তুষ্ট আমি।’’
