ম্যাচ না জিতলে ভালো খেলার মূল্য নেই: রনি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ম্যাচ না জিতলে ভালো খেলার মূল্য নেই: রনি

চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম দুই ম্যাচে দুই শক্তিশালী দল বেক্সিমকো ঢাকা এবং জেমকন খুলনার বিপক্ষে জয় তুলে নিয়ে নিয়ে সবাইকে এক প্রকার অবাকই করে দিয়েছিল শান্তর রাজশাহী।

কিন্তু তারপর থেকেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে এই দলটি। বরিশালের কাছে হেরেছিল ৫ উইকেটে। তারপর চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে তাদের হারতে হয় ১ রানে। সর্বশেষ গতকাল ঢাকার কাছে ২৫ রানে হারে পদ্মা পাড়ের এই দলটি।

রাজশাহী দলের ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে দলের হয়ে বেশি রানের ইনিংস খেলেন শুধুমাত্র দুইজন। রনি তালুকদার (২৪ বলে ৪০ রান) এবং ফজলে রাব্বি (৪০ বলে ৫৮ রান)। কিন্তু তাদের এই পারফরম্যান্স দলকে এনে দিতে পারেনি জয়।

জয় না পাওয়ায় ভালো ইনিংস খেলার কোনো সার্থকতা দেখছেন না রাজশাহীর টপ অর্ডার ব্যাটসম্যান রনি। তার মতে ভালো ইনিংস খেলে জয় না পেলে সেই ইনিংস মূল্যহীন। ম্যাচ শেষে প্রেজেন্টেশনে তিনি এমনটাই মন্তব্য করেন।

রনি বলেন,”ভালো পারফরম্যান্স মানেই একটা ম্যাচ জিতিয়ে আসা। যখনই একটা খেলোয়াড় ম্যাচ জেতাতে পারবে তখনই তার ভেতরে একটা তৃপ্ততা আসবে যে আমি ভালো পারফরম্যান্স করছি। ম্যাচ জেতানো ছাড়া অন্য কোন পারফরম্যান্স আমি এতটা ভ্যালু করি না।”

একই সঙ্গে হারের কারণ হিসেবে ব্যাটসম্যানদের ব্যর্থতার পাশাপাশি বোলিং উইনিটের দুর্বলতাকে দুষছেন তিনি। এ প্রসঙ্গে রনি বলেন,”দেখেন সবমিলিয়ে আমরা ভালো ক্রিকেট খেলতেছি। আমরা ক্লোজ কিছু ম্যাচ হেরে যাওয়াতে একটু ল্যাকিংস যে জায়গাতে বলব বোলিং ইউনিটায় আমরা ভালো করতে পারছি না। আমরা ওই জায়গাটায় যদি উন্নতি করতে পারি ইনশাআল্লাহ পরের ম্যাচ আমরা ভালোভাবেই ফিরে আসতে পারব। আমরা পাওয়ার প্লেতে খুব দ্রুত কিছু উইকেট হারাই, তিনটা উইকেট চলে যায়। এতে আমাদের উপর একটা চাপ চলে আসে। কিন্তু আমি মনে করি আমি আর রাব্বি যদি আর কিছু খেলতে পারতাম তাহলে মনে হয় খেলাটা আরও ক্লোজ হতে পারতো।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »