প্রথম টি-টোয়েন্টিতে জয় দিয়ে সিরিজ শুরু ভারতের

ডেস্ক রিপোর্ট »

অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজে ভারত দল হেরেছে ২-১ ব্যবধানে। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচই জয় দিয়ে শুরু করেছে সফরকারী ভারত। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ অস্ট্রেলিয়াকে ১১ রানে হারিয়েছে বিরাট কোহলির দল।

টসে হেরে ব্যাট করতে নেমে ১৬২ রান সংগ্রহ করে ভারতীয় দল। এমন লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার আর্কি শর্ট এবং অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফিঞ্চ ৩৫ রানে যুবেন্দ্র চাহালের শিকার হন। এরপর দ্রুতই আরও দুটি উইকেট হারিয়ে বসে অজিরা। স্মিথ ১২ রান এবং ২ রান করে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। চতুর্থ উইকেটে ময়েজেস হ্যানরিক্সকে নিয়ে ৩৮ রান যোগ করেন শর্ট। শর্ট আউট হওয়ার পরেই দ্রতু বিদায় নেন হ্যানরিক্স এরপরই চাপে পড়ে অজিরা। আবারো পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। তিনি ৯ বলে ৭ রান করে আউট হন। এরপর মিচেল স্টার্ক ১ রান করে ফিরে গেলে আর জয়ের পথে হাঁটতে পারেনি অস্ট্রেলিয়া। শেন এবোট (১২) এবং মিচেল সোয়েপসন (১২) অপরাজিত থেকে কেবল দলের হারের ব্যবধান কমিয়েছেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১১ রানে ওপেনার শিখর ধাওয়ান বিদায় নেন এরপর বিরাট কোহলি আউট হন মাত্র ৯ রান করে। ওপেনার রাহুল একপ্রান্ত আগলে রেখে করেছেন ৪০ বলে ৫১ রানের ইনিংস। ভারতের মিডল অর্ডারে একমাত্র দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন সঞ্জু স্যামসন। তিনি ১৫ বলে ২৩ রানের ইনিংস খেলেছেন। শেষদিকে হার্দিক পান্ডিয়ার ১৬ আর রবীন্দ্র জাদেজার ২৩ বলে ৪৪ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় ভারত। হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে ব্যাট করলেও শেষ ওভারের দ্বিতীয় বলে স্টার্কের করা এক বাউন্স এসে হেলমেটে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর আর মাঠে ফেরা হয়নি তাঁর। ইন্টান্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন নিয়ম অনুযায়ী কেউ আঘাতপ্রাপ্ত হলে তাঁর পরিবর্তে অন্য কেউ খেলতে পারবেন। যে কারণে অনুমেয়ভাবেই তাঁর ‘কনকাশন সাব’ হিসেবে লেগস্পিনার চাহালকে মাঠে নামায় ভারত।

সংক্ষিপ্ত স্কোরঃ

ভারত ১৬১/৭ (২০ ওভার) (রাহুল ৫১, স্যামসন ২৩, পান্ডিয়া ১৬, জাদেজা ৪৪*; হ্যান্ডরিক্স ৩/২২, স্টার্ক ২/৩৪)

অস্ট্রেলিয়া ১৫০/৭ (শর্ট ৩৪, ফিঞ্চ ৩৫, হ্যান্ডরিক্স ৩০; চাহাল ৩/২৫, নাটারাজন ৩/৩০

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »