দলের পারফরম্যান্সে সন্তুষ্ট মাহমুদউল্লাহ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুরুর দিকে নিজেদের সবটুকু উজাড় করে দিতে ব্যর্থ হয়েছিল জেমকন খুলনা। কিন্তু বর্তমানে টুর্নামেন্টের মাঝপথে এসে নিজেদের সামর্থ্যের সবটুকুর জানান দিচ্ছে তাঁরা। নিজেদের পঞ্চম ম্যাচে আজ ফরচুন বরিশালকে ম্যাচে ৪৮ রানে পরাজিত করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। গুরুত্বপূর্ণ এই জয়ে দলের পারফরম্যান্স নিয়ে তাই সন্তুষ্ট খুলনার অধিনায়ক।

খুলনার হয়ে শেষ চার ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন দলটির ওপেনার এনামুল হক বিজয়। পঞ্চম ম্যাচে এসে তাই এনামুলকে বিশ্রাম দিয়ে তার জায়গাই ওপেনিংয়ে ব্যাট করতে নামেন তরুণ ব্যাটসম্যান জাকির আলি। সুযোগ পেয়েই ৪২ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ব্যাট হাতে দারুণ রান করার পর বল হাতেও জ্বলে উঠেছিলেন খুলনার বোলাররা।

সাকিব, শুভাগত হোমের পাশাপাশি হাসান মাহমুদ এবং শহিদুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৫ রানেরই গুঁটিয়ে যায় বরিশালের ইনিংস। শুভাগত, হাসান মাহমুদ এবং শহিদুল ২টি, সাকিব এবং আল আমিন ১ টি করে উইকেট নেন।

খুলনার এই জয়টিকে ব্যাটসম্যান এবং বোলারদের অলরাউন্ড পারফরম্যান্সের ফসল বলে মনে করে মাহমুদউল্লাহ রিয়াদ। দলের জয়ে তাই সন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায় তাঁকে। ম্যাচ শেষে তিনি বলেন,”আমি মনে করে সবদিক দিয়েই এটি একটি অসাধারণ জয় ছিল। ব্যাটসম্যান এবং বোলাররা উভয়ই অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছে। এটাতে খুব ভালো দলীয় সমন্বয় ছিল। এটা দেখে খুবই সন্তুষ্ট আমি।”

বরিশালের বোলারদের বিপক্ষে ব্যাট চালিয়ে দারুণ একটি ইনিংস খেলেছেন ওপেনার জাকির। এজন্য জাকিরের প্রশংসা করেছেন মাহামুদউল্লাহ। জাকির পরিকল্পনা মাফিক ব্যাট করেছে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ আরো বলেন,”আমাদের পরিকল্পনা ছিল প্রথম দুই ওভার দেখে খেলা। শেষ কয়েকদিন ধরে সে নেটে খুব ভালো ব্যাটিং করছিল। তো আমি চিন্তা করলাম এনামুলকে একটি বিশ্রাম দেই। যাতে সে আবারো পুরনো ফর্মে ফিরে আসতে পারে। জাকির সেই সুযোগটাই নিয়েছে এবং দুর্দান্ত একটি ইনিংস খেলেছে এই ধরণের পরিবেশে। আমি মনে করি এটা বোলারদের জন্য উপযুক্ত ছিল কিন্তু সে কার্যকরী একটি ইনিংস খেলেছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »