নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাট হাতে মোটেও ভালো করতে পারছেন না ইরফান-আফিফরা। এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপে আফিফ এবং ইরফান শুক্কুরের ব্যাট যতটা হেসেছিল তার ছিটেফোটাও দেখা যাচ্ছে না বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। তাদের এমন পারফরম্যান্সের কারণে হতাশ দলটির অধিনায়ক তামিম ইকবাল।
ইরফান বরিশালের হয়ে চলতি টুর্নামেন্টে ৫ ম্যাচে করেছেন মাত্র ৩৫ রান। এছাড়া আফিফ এবারের টুর্নামেন্টে করেছেন ২৯ রান। তাদের উপর নির্ভর করে দলের পরিকল্পনা করলেও সফল করতে পারছেন না তারা। যে কারণে স্বাভাবিকভাবেই তাদের পারফরম্যান্সে হতাশ দলটির অধিনায়ক।
এ প্রসঙ্গে তামিম বলেন,’‘হ্যাঁ এটা সর্বশেষ পাঁচ ম্যাচেই ঘটেছে। সবকিছুর জন্য আপনি দু-তিনজনকে দোষারোপ করতে পারবেন না। কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আপনি অন্য দলগুলোর দিকে দেখুন তারা প্রথম ম্যাচ থেকেই ভালো খেলছে। আমি মনে করি আমাদের দলে আমরা এই জিনিসটা মিস করছি।’’
তিনি আরও বলেন,’‘আফিফ-ইরফানরা জ্বলে উঠতে পারছে না। টুর্নামেন্ট শুরুর আগে আমি বলেছিলাম আমাদের স্কোয়াডে কিছুটা লিমিটেশন আছে। কিন্তু ম্যাচ জিততে আমাদের যে ধরনের খেলোয়াড় আছে তাদের আউট অফ স্কিন খেলতে হবে। দুর্ভাগ্যক্রমে এই মুহূর্তে আমরা তেমনটা খেলতে পারছি না।’’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে পাঁচ ম্যাচ খেলে বরিশাল জয় পেয়েছে কেবল একটিমাত্র ম্যাচে। তাই দুই পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে তারা। নিজেদের পঞ্চম ম্যাচে এসে আজ খুলনার বিপক্ষে হারের জন্য বোলারদের দুষছেন বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক।
এ প্রসঙ্গে তামিম বলেন,”অবশ্যই দেখুন এভাবে হারাটা কখনই ভালো কোন অনুভূতি না। আমি মনে করি বোলিং ইউনিটে আমরা কিছু ভুল করেছি। দেখুন এমনিতে ১৩ রান দেয়াটা ভালো কিছু নয়। আমরা বেশ কিছু বাউন্ডারি এবং কিছু ওয়াইড দিয়েছি। তাদেরকে ১৫০ এর নিচে আটকে দেয়া গেলে সম্ভব হলে তখন আমাদের একটা সুযোগ থাকতো। আমাদের লক্ষ্য ঠিক ছিল প্রথম ছয় ওভার পর্যন্ত কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। এটা আসলে দুর্ভাগ্যজনক। আপনি যখন জিতবেন না তখন দোষারোপ করাটা সহজ। এই পরিস্থিতিতে আগেও বলেছি আমি মনে করি তারা সবাই খুবই ভালো খেলোয়াড়। শুধুমাত্র দল হিসেবে আমরা ক্লিক করতে পারছি না।”
