নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দারুণ ভারসাম্যপূর্ণ এক দল গঠন করছে জেমকন খুলনা। প্রথম কয়েক ম্যাচে ফর্মে ছিলেন না দলের সিনিয়র ক্রিকেটাররা। তবে পরবর্তী ম্যাচ গড়ানোর সাথে সাথে রানে ফিরেছেন সকলেই। নিজেদের পঞ্চম ম্যাচে আজ বরিশালের বিপক্ষে বিজয়ের পরিবর্তে জায়গা পাওয়া ব্যাটসম্যান জাকির হোসেনের ব্যাটে ভর করে বড় সংগ্রহ করে খুলনা। এরপরে বল হাতেও দারুণ করেছে জেমকন খুলনার বোলাররা। তামিমের বরিশালকে ১২৫ রানে অলআউট করে ৪৮ রানের জয় পেয়েছে খুলনা।
১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমনকে সাথে নিয়ে বরিশালকে ভালো শুরু এনে দেন তামিম ইকবাল। তবে খেলার দৃশ্য পরিবর্তন হয়ে যায় শুভাগত হোমের এক ওভারে। তার করা ঐই ওভারে তিনি শিকার করেন তামিম ও পারভেজকে। দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন পারভেজ ও তারপর ক্যাচ আউট হন তামিম।
এরপর ইরফান শুক্কুর ও তৌহিদ হৃদয় জুটি গড়ে বরিশালকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তাদের ৩১ রানের জুটি ভেঙে দেন সাকিব আল হাসান।
বরিশালের পক্ষে একাই লড়াই করতে থাকা হৃদয়কে ফেরান হাসান মাহমুদ। করেন ২৭ বলে ৩৩ রান। সেই ওভারে তাসকিনকেও শিকার করেন হাসান। শেষ ওভারে শহিদুল ইসলাম পান ২টি উইকেট। বরিশাল অলআউট হয়ে ১২৫ রানে। ফলে জেমকন খুলনা পেয়েছে ৪৮ রানের জয়। টুর্নামেন্টে এটি খুলনার তৃতীয় জয়।
তার আগে প্রথমে ব্যাট করতে নেমে জাকিরের ফিফটিতে বড় সংগ্রহ পায় খুলনা। ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এই দুইজনের ব্যাটে দারুণ গতিতে এগিয়ে চলছিল খুলনা। এছাড়া ইমরুল করেন ৩৭ রান। সাকিব করেন ১৪ এবং রিয়াদ করেন ২৪ রান।
সংক্ষিপ্ত স্কোর
জেমকন খুলনা ১৭৩/৬ (২০ ওভার)
জাকির ৬৩, ইমরুল ৩৭, রিয়াদ ২৪, সাকিব ১২;
রাব্বি ৩/৩৩, তাসকিন ২/৪৩, তানভীর ১/১৬।
ফরচুন বরিশাল ১২৫/১০ (১৯.৫ ওভার)
হৃদয় ৩৩, তামিম ৩২, পারভেজ ১৯, ইরফান ১৬;
শহিদুল ২/১৭, শুভাগত ২/১৮, হাসান ২/১৮, সাকিব ২২/১।
