৮ ডিসেম্বর মুমিনুলের অস্ত্রোপচার-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

৮ ডিসেম্বর মুমিনুলের অস্ত্রোপচার-

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনার বিপক্ষের ম্যাচে গেল (২৮ নভেম্বর) ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন চট্টগ্রাম দলের ব্যাটসম্যান মুমিনুল হক। এদিন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপরেই জানানো হয়, চোট থেকে সুস্থ হয়ে উঠতে অস্ত্রোপচার লাগবে মুমিনুলের।

আজ শুক্রবার জানা গেল, মুমিনুলকে অস্ত্রোপচারের জন্য দুবাই পাঠানোর ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৮ ডিসেম্বর অপারেশন টেবিলে যাবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জনপ্রিয় একটি অনলাইন পোর্টালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থাকার কারণে দুবাইতে পাঠানো হচ্ছে মুমিনুলকে। কারণ দুবাইয়ে কোয়ারেন্টাইন নিয়ে তেমন কোনো জটিলতা নেই।

বিসিবি চিকিৎসক দেবাশীষ বলেন,”আমরা মুমিনুলকে দুবাই পাঠানোর ব্যবস্থা করেছি, কারণ সেখানে কোয়ারেন্টাইনের তেমন কোন ঝামেলা নেই। ইতোমধ্যে সে ভিসার জন্য আবেদন করেছে। সবকিছু ঠিক থাকলে ৮ ডিসেম্বর অস্ত্রোপচার হবে তার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ফিট মুমিনুলকে পেতেই তাকে বিদেশে পাঠানো হচ্ছে।”

চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন মুমিনুল। এরপর কোয়ারেন্টাইনে থেকে সুস্থ হয়ে করোনা রেজাল্ট নেগেটিভ নিয়ে এই টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »